লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে বিরোধী জোট

Spread the love

রোজদিন ডেস্ক : বিরোধী ইন্ডিয়া জোট লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিলো।
আজ সংসদ ভবনে জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী, সমাজবাদী নেতা অখিলেশ যাদব, তৃণমূলের শতাব্দী রায়-সহ সব বিরোধী দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গত সপ্তাহ থেকেই সংসদে বিরোধী নেতা রাহুল গান্ধীকে প্রাক্তন সেনা প্রধান এম এম নারাভানের লেখা পড়তে বাধা দেওয়া নিয়ে তুলকালাম বাধে। বিরোধীরা এর বিরুদ্ধে তুমুল প্রতিবাদ জানান। আট সাংসদকে সাসপেন্ডও করা হয়, সব মিলিয়ে উত্তাল হয় সংসদ।
আজ ও অধিবেশন প্রথম থেকেই উত্তপ্ত ছিল। অধ্যক্ষ ওম বিড়লা, পরিষদীয় মন্ত্রী কিরেন রিজিজু প্রমুখের অভিযোগ, বিরোধী নেতা রাহুল গান্ধীর জন্যই সভা চালানো যাচ্ছে না। দুপুর বারটা অবধি অধিবেশন মুলতবি হয়ে যায়।
অন্যদিকে মল্লিকার্জুন খাড়গের কক্ষে বিরোধী জোটের বৈঠকে অধ্যক্ষর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সূত্রের খবর, বিরোধী নেতাকে সভায় বলতে না দেওয়া, অথচ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে পড়তে দেওয়া, বিরোধীরা প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে পারেন বলে অধ্যক্ষর মন্তব্য ইত্যাদি এই প্রস্তাবে আনা হবে।
উল্লেখ্য, লোকসভায় প্রবল গোলমালের জেরে প্রধানমন্ত্রীর
বক্তব্য ছাড়াই ধ্বনিভোটে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাব গৃহীত হয়।
বিকেলে বিরোধীহীন রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেস সহ বিরোধীদের বিরুদ্ধে একের পর এক তোপ দেগে বক্তব্য রাখেন।

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*