রোজদিন ডেস্ক : চিল্লাই কালানের কবলে থাকা জম্মু কাশ্মীরে ত্রিশ জন সন্ত্রাসীর থাকা নিয়ে উদ্বিগ্ন সেনাবাহিনী। প্রচন্ড ঠান্ডায় যখন গোটা উপত্যকা কাঁপছে, তখন সন্ত্রাসীদের খোঁজে তৎপর সেনাবাহিনী ব্যাপক তল্লাশি চালাচ্ছেন। প্রতিরক্ষা, গোয়েন্দা দফতর সূত্রের খবর, সেনাদের ব্যাপক তল্লাশির জেরে সন্ত্রাসীরা কিশওয়ার,ডোডা অঞ্চলে আরও উঁচুতে আত্মগোপন করেছে। যেখানে খুব কম জনবসতি। কাশ্মীরে এই চিল্লাই কালানের সময় সব থেকে বেশি ঠান্ডা পড়ে, সন্ত্রাসীরা এই সময়টি বেছে নেওয়ায় সেনাবাহিনী উদ্বিগ্ন হলেও তাঁদের কর্তব্য পালনে অবিচল। চলছে অবিরত টহলদারি। সন্ত্রাসীরা যাতে কোন ভাবেই জনবসতি এলাকায় আশ্রয় নিতে না পারে, সেদিকে কঠোর নজর রাখছেন তাঁরা। প্রতিবেশী বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে সখ্যতা বেড়েছে। যা নিয়ে উদ্বিগ্ন ভারত সরকার। এই প্রেক্ষিতে বরফে ঢাকা জম্মু কাশ্মীরের ত্রিশ পাকিস্তানি সন্ত্রাসীর অবস্থানের খবরে ঘুম ছুটেছে নিরাপত্তা বাহিনীর। শীতার্ত জম্মু কাশ্মীরের এই পরিস্থিতির জন্য বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত বাহিনীর তৎপরতা এখন তুঙ্গে উঠেছে বলে জানা যায়।

Be the first to comment