রোজদিন ডেস্ক : তৃণমূল কংগ্রেস সরকারের চালু করা ‘পাড়ায় সমাধান’ প্রকল্প এবার বন্ধ করল রাজ্য সরকার। পুর এলাকায় পূর্বতন সরকারের আমলে শুরু হওয়া এই প্রকল্পের উন্নয়নমূলক কাজ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নগরোন্নয়ন দপ্তর। এর ফলে রাস্তা, নিকাশি, পানীয় জল, স্ট্রিট লাইটের মতো একাধিক প্রকল্পের কাজ ও বিল আটকে যাওয়ায অনিশ্চয়তায় পড়েছেন ঠিকাদার থেকে সাধারণ মানুষ। সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের আগে টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া বহু প্রকল্পও বাতিল করা হয়েছে। এমনকি ভোটের আগে হওয়া কাজের বিল মেটানোর ক্ষেত্রেও শুরু হয়েছে অডিট ও ফিজিক্যাল ভেরিফিকেশন। প্রকল্পের প্রয়োজনীয়তা, টেন্ডার প্রক্রিয়ার স্বচ্ছতা, সবই ফের খতিয়ে দেখা হচ্ছে। শুধু পুরসভা নয়, পঞ্চায়েত এলাকাতেও একই ছবি। গ্রামীণ উন্নয়নের একাধিক প্রকল্পে অডিটের নির্দেশ দেওয়া হয়েছে। ফলে সেখানেও কাজ ও পেমেন্ট কার্যত থমকে গিয়েছে। যদিও সরকারি ভাবে এ সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি, তবু বিভিন্ন পুরসভার আধিকারিকদের মৌখিক নির্দেশ দিয়ে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। কলকাতা পুরসভার অ্যাকাউন্টস বিভাগকেও পাড়ায় সমাধান প্রকল্পের কোনও বিল গ্রহণ না করার নির্দেশও দেওয়া হয়েছে।

Be the first to comment