রোজদিন ডেস্ক :
সকাল থেকেই রোদ ঝলমল কলকাতায় ব্রিগেডমুখী মানুষের ঢল নেমেছে।
আজ সকালেই এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হেলিকপ্টারে রেসকোর্স ময়দানে নেমে হুডখোলা গাড়িতে ব্রিগেডে আসেন তিনি। সঙ্গে শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য। পথের দুপাশে অসংখ্য মানুষ তুমুল হর্ষধ্বনি করে তাঁদের স্বাগত জানান।

ব্রিগেডে তখন জনসমুদ্র। প্রধানমন্ত্রী সহ নেতারা প্রবেশ করা মাত্রই সেই জনসমুদ্রে জয়ধ্বনিতে উত্তাল হয়ে ওঠে। এমন সকাল কখন ও কলকাতা দেখেছে বলে মনে হয় না।
রাজ্যে প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে গত কয়েকদিন ধরে যুদ্ধকালীন তৎপরতায় সাজানো হয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে। বহু ইতিহাসের সাক্ষী এই সবুজ ময়দান আজ এক অনন্য ইতিহাসের সাক্ষী হচ্ছে। মঞ্চ শুধু চাঁদের হাট বললে কম বলা হয়।
সকাল এগারটা সাত। মূল মঞ্চে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজ। মঞ্চে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করলেন তিনি।
শাল পরিয়ে দিলেন শিলিগুড়ির মাখনলাল সরকার কে। ৯৭ বছর বয়েসী এই প্রবীণ শ্যামাপ্রসাদ মুখার্জির অন্তিম যাত্রার সঙ্গী ছিলেন। তাঁকে সম্মান জানিয়ে আলিঙ্গন করেন প্রধানমন্ত্রী।
তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম ও করেন প্রধানমন্ত্রী। দিল্লিতে এক গান গাওয়ার দায়ে তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ৷ পরে আদালত তাঁকে সসম্মানে মুক্তি দেয়।
শুধু বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীরাই নয়, এসেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও। আছেন একনাথ শিন্ডে, চিরাগ পাসওয়ান, মিঠুন চক্রবর্তী, স্মৃতি ইরানি সহ আরও অনেক অনেক বিশিষ্টরা।
সকাল ১১.৩০, মঞ্চে জাতীয় সঙ্গীতের বাদ্যধ্বনি বেজে উঠলো। প্রধানমন্ত্রী সহ উপস্থিত সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করলেন। প্রধানমন্ত্রীর পাশেই মঞ্চে শুভেন্দু অধিকারী।
সকাল ১১.৩২ মিনিট। বাংলায় শপথ নিলেন শুভেন্দু অধিকারী। তাঁকে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল আর এন রবি।
স্পষ্ট উচ্চারণে বাংলায় শপথ নিলেন তিনি। আজ পরেছেন গেরুয়া পাঞ্জাবি।
উচ্ছসিত জনতা। শপথ নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাওয়া মাত্র তাঁকে উষ্ণ আলিঙ্গন করেন মোদিজি। নতুন মুখ্যমন্ত্রী তাঁকে প্রণাম করেন। একে একে রাজ্যপাল, অমিত শাহ, যোগী আদিত্যনাথ প্রমুখের কাছে গিয়েও সম্মান জানান শুভেন্দু অধিকারী ।
অমিত শাহের কাছে যাওয়া মাত্র তাঁকে উষ্ণ আলিঙ্গন করেন তিনি। শুভেন্দু অধিকারীও তাঁকে সম্মান জানান।
একে একে শপথ নিচ্ছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। মুখ্যমন্ত্রীর পর শপথ নিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল। সমগ্র ব্রিগেড জুড়ে তখন শুধু মোদি মোদি জয়ধ্বনিতে মুখর। বাংলায় শপথ নিচ্ছেন তাঁরা। মন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন অশোক কীর্তনীয়া, ক্ষুদিরাম টুডু। ক্ষুদিরাম টুডু তাঁর নিজের ভাষায় শপথ নিলেন।

Be the first to comment