রোজদিন ডেস্ক : বিধানসভা নির্বাচনের মুখে বুধবার রাজ্য পুলিশে ফের একদফা রদবদল। এই দফায় মোট ৫২ জন আধিকারিককে বদলির নির্দেশ জারি করা হয়েছে। এর মধ্যে একাধিক জেলার জেলার ডেপুটি পুলিশ সুপার, বিভিন্ন এসডিপিও, ও কমিশনারেটের অ্যাসিস্টান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিকরা রয়েছেন। সংশ্লিষ্ট আধিকারিকদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
পুলিশ ডিরেক্টরেটের জারি করা আদেশে স্পষ্ট করে বলা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এস্টাব্লিশমেন্ট বোর্ডের অনুমোদনের ভিত্তিতে এই ট্রান্সফার ও পোস্টিং কার্যকর করা হচ্ছে। সংশ্লিষ্ট আধিকারিকদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দিয়ে কমপ্লায়েন্স রিপোর্ট পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। তালিকায় রয়েছেন আইপিএস দ্যুতিমান ভট্টাচার্য। তিনি রাজ্য সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার ছিলেন। তাঁকে দক্ষিণ ব্যারাকপুর কমিশনারেটের ডেপুটি কমিশনার পদে পাঠানো হয়েছে। আইপিএস পাপিয়া সুলতানা হোম গার্ডে সিনিয়র স্টাফ অফিসার পদে কর্মরত ছিলেন। তাঁকে ব্যারাকপুর কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চের ডেপুটি কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে। ডব্লিউবিপিএস আধিকারিক মিতুন কুমার দে-রও দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার অ্যাডিশনাল এসপি (হেড কোয়ার্টার) পদ থেকে তাঁকে খড়্গপুরে অ্যাডিশনাল এসআরপি হিসেবে পাঠানো হয়েছে।এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় এসডিপিও, ডিএসপি এবং এসিআইপি স্তরে একাধিক আধিকারিকের দায়িত্বে রদবদল করা হয়েছে।

Be the first to comment