প্রতিবেদন: বিড়লা তারামণ্ডলের সামনে একুশে জুলাইয়ের সভাস্থল পরিদর্শনে গিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়ালেন তৃণমূল নেতৃত্ব। এর আগে আদালত থেকে একুশে জুলাইশের সভা করার অনুমতি পেয়েছে তৃণমূল কংগ্রেস। এবার আদালতের নির্দেশ মেনে সভা করতে চেয়ে ফের পুলিশি বাধার মুখে তৃণমূল। আদালতের নির্দেশ মতো বিড়লা প্লানেটোরিয়ামের সামনে ক্যাথিড্রাল রোডের একটি লেন ছেড়ে সভা করতে চায় তৃণমূল কংগ্রেস। কিন্তু শুক্রবার বিকেলে যা নিয়ে আপত্তি তুলেছে পুলিশ। তাতেই তৈরি হয়েছে জটিলতা। এদিন বিকেলে তৃণমূলের তরফে সভাস্থল পরিদর্শন করতে যান কুণাল ঘোষ, দোলা সেন, বৈশ্বানর চট্টোপাধ্যায়-সহ দলীয় নেতাকর্মীরা। তখনই পুলিশের তরফে মঞ্চের জায়গা নিয়ে অযৌতিক আপত্তি তোলে পুলিশ। তাদের দাবি, তাদের সুবিধা মত জায়গাতেই মঞ্চ করতে হবে। যা নিয়ে আপত্তি জানান তৃণমূল নেতৃত্ব। এই নিয়ে পুলিশকর্তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ বাদানুবাদও চলে কুণালদের। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক কুণাল ঘোষ, দোলা সেনরা বলেন, আমরা কোর্টের নির্দেশ মেনেই তারামণ্ডলের সামনে সভা করছি। নির্দেশ মতো একটি লেনও ছেড়ে রাখা হচ্ছে। কিন্তু তারপরও পুলিশ নানা বাহানা তুলছে। কিন্তু যা ওনারা এখানে বলছেন তা কোর্টে বলেননি কেন, প্রশ্ন তোলেন কুণাল। সব হয়ে যাওয়ার পর এখন, এভাবে নয়, ওভাবে, এসব বলার মানে কি! সভার মঞ্চের পাশাপাশি পার্কিং সহ বিভিন্ন বিষয় নিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন তারা। তৃণমূল নেতারা বারবার বলেছেন, আদালতের নির্দেশ মেনে কারও কোনও অসুবিধা না করেই সভা করবে দল। সভাস্থল পরিদর্শনের আগে, এদিন, লালবাজারেও যান তৃণমূল নেতারা। সেখানে কলকাতা পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গেও তাঁরা সুষ্ঠভাবে সভা আয়োজন করার জন্য সমন্বয় বৈঠকও করেন। বৈঠকে আইন মেনে সভা করার জন্য তারা পুলিশের সম্পূর্ণ সহযোগিতাও প্রার্থনা করেন। কিন্তু এরপরও পুলিশের এই আচরণ মানা যায় না। তবে পুলিশের ওপরও চাপ রয়েছে বলেও অভিযোগ করেন কুণাল। তিনি বলেন, পুলিশের আসল হল, কোন লেন খোলা আর কোনটা বন্ধ নিয়ে নয়, তাদের আসল সমস্যা হল মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। তাই নানা বাহানা তৈরি করে বাধা দেওয়া হচ্ছে।

Be the first to comment