রোজদিন ডেস্ক : বহিষ্কৃত তৃণমূল বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে বৃহস্পতিবার সকাল থেকে আচমকা শুরু হয়েছে বিক্ষোভ। ঝাঁটা, জুতো হাতে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। ওঠল ‘চোর-চোর’ স্লোগান। বিক্ষোভকারীদের নিশানায় বাবা-ছেলে — প্রাক্তন তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা ও ছেলে বর্তমান বিধায়ক সন্দীপন সাহা। বিক্ষোভকারীরা ‘বাবা চোর-বেটা চোর’ স্লোগান দেয়। বিক্ষোভে ছিলেন স্থানীয় কিছু বিজেপি কর্মী, সমর্থকরাও। কিছুক্ষণ পর ঘটনাস্থলে আসেন এন্টালি কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালও। বাড়ির সামনে স্বর্ণকমল সাহাকে চোর লিখে পোস্টার পড়েছে। সবমিলিয়ে ধুন্ধুমার পরিস্থিতি বিধায়কের বাড়ির সামনে। সন্দীপন এবং স্বর্ণকমল সাহার বিরুদ্ধে মূলত দুর্নীতি, কাটমানি খাওয়া, তোলাবাজি, জমি দখল, বেআইনি নির্মাণ-সহ একাধিক অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা। এদিন সকালে এন্টালিতে একটি মিছিল করেন স্থানীয়রা। ওই মিছিল যায় সন্দীপনের বাড়ির সামনে। সেখানে মাইকে ‘চোর-চোর’ স্লোগান দেওয়া হয়। সন্দীপনদের বাড়ির সামনে ঝাঁটা-জুতো বেঁধে দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, একাধিক এলাকায় ফ্ল্যাট-বাড়ি দখল করে টাকা না-দেওয়া, জোর করে তোলা আদায়, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতানো-সহ একাধিক কাজে যুক্ত সন্দীপন এবং স্বর্ণকমল সাহা। তবে বাড়ির সামনে বিক্ষোভ চললেও বাবা, ছেলে কাউকেই অবশ্য দেখা যায়নি।

Be the first to comment