শহর কলকাতার থিমের ছোঁয়া এখন জেলার পুজোতেও। দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপ, ডায়মণ্ড হারবার এলাকায় এ বছর বেশ কিছু থিমের পুজো চোখ টেনেছে দর্শনার্থীদের। দেখে নেওয়া যাক সেরকম কিছু পুজো।
নিউ মাধবপুর অগ্রগামী সংঘ: এ বছর ৩৭’এ পা দিল। নিউ মাধবপুর অগ্রগামী সংঘের পুজো। এ বছরের তাদের পুজোর থিম চাঁদ সওদাগরের বজরা। বহু বছর আগে পুরাণ মতে ওই পথেই চলত চাঁদের বজরা। তাই সেই বজরার আকারেই মণ্ডপ গড়ে তোলা হয়েছে। মণ্ডপ নির্মাণে খরচ হয়েছে ৫ লক্ষ টাকা।
পুরাতন বাজার হাইস্কুল: ডায়মণ্ড হারবারে পুরাতন বাজার হাইস্কুলের পুজো মণ্ডপ গ্রামবাংলার জমিদার বাড়ির আদলে গড়ে তোলা হয়েছে। মণ্ডপের ভিতরেও জমিদার বাড়িতে ব্যবহার করা বিভিন্ন সরঞ্জাম রাখা হয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন, এই মণ্ডপ নির্মাণে খরচ হয়েছে ৫৩ লক্ষ টাকা।
ডায়মণ্ড হারবার শিবালয় সমাজ: এলাকার অন্যতম পুরনো এই পুজো ৭৩ বছরে পা দিল। এ বারের থিম হলো সমাজে বাবা-মায়েরা যে নানাভাবে সন্তানদের হাতে অবহেলিত হচ্ছেন, তা তুলে ধরা। গর্ভধারিণী মা’য়ের কষ্ট থেকে শুরু করে বৃদ্ধ বয়সে মা-বাবাদের যেভাবে বৃদ্ধাশ্রমে পাঠানো হয়, সেই কষ্ট তুলে ধরা হয়েছে মণ্ডপে। বৃদ্ধদের লাঠি দিয়ে তৈরি করা হয়েছে এই মণ্ডপ। খরচ হয়েছে ৮ লক্ষ টাকা।
ডায়মণ্ড হারবার নিউটাউন ক্লাব: এই ক্লাবের মণ্ডপ মূলত দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। দক্ষিণেশ্বর মন্দিরের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে মণ্ডপে। ৫১ বছরের পুরনো এই পুজোর মণ্ডপ তৈরিতে খরচ হয়েছে ১৬ লক্ষ টাকা।
ডায়মণ্ড হারবার রূপক সংঘ: পঞ্চাশ বছরের পুরনো এই পুজোর এ বারের থিম শিব লিঙ্গ। শিবলিঙ্গের আদলে তৈরি করা হয়েছে মণ্ডপটি। সাজানো হয়েছে মহাদেবের বিভিন্ন অস্ত্র দিয়ে। উদ্যোক্তাদের বক্তব্য, ভগবান শিবের রূপকেই তুলে ধরার চেষ্টা করেছেন তাঁরা। মণ্ডপ তৈরিতে খরচ হয়েছে ৬ লক্ষ টাকা।
কাকদ্বীপ যুবশক্তি ক্লাবের পুজো: এ বছর ২২ বছরে পড়ল এই পুজো। এ বার এই পুজোর থিম ভগবান কৃষ্ণের লীলা। ভগবান কৃষ্ণের ছোটবেলার বিভিন্ন কাহিনীকে তুলে ধরা হয়েছে মণ্ডপে। মণ্ডপ তৈরিতে খরচ হয়েছে ১২ লক্ষ টাকা।

Be the first to comment