নারী দিবসে পেশ হবে পঞ্জাবের বাজেট, মহিলাদের ভাতা নিয়ে জল্পনা!

Spread the love

রোজদিন ডেস্ক : পঞ্জাবে এই প্রথম আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে রাজ্য বাজেট পেশ হবে। সূত্রের খবর, ওই দিন রাজ্যের মহিলাদের মাসে ১ হাজার টাকা করে ভাতা ঘোষণা হতে পারে। যা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। রবিবার হলেও পঞ্জাব সরকার এই দিনটি বাজেট পেশ করার সিদ্ধান্ত নেওয়ায় এই জল্পনা। পশ্চিমবঙ্গে জনপ্রিয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পর ধাঁচে একাধিক রাজ্য মহিলাদের জন্য মাসিক ভাতা চালু করেছে। বিজেপি শাসিত একাধিক রাজ্যও এর ব্যতিক্রম না। এবার আপ শাসিত পঞ্জাব সরকারও এই পথে হাঁটতে চলেছে বলে গুঞ্জন উঠেছে। ২০২২ সালের বিধানসভা নির্বাচনের আগে আপ মহিলাদের মাসে এক হাজার টাকা করে ভাতা দেওয়ার কথা বললেও এখন অবধি তা কার্যকর হয়নি। আগামী বছর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে আপ সরকার এবার তা চালু করার কথা ভাবছে বলে ওয়াকেবহাল মহল মনে করেন। ১৮ বছরের ওপর সব মহিলাকেই এই ভাতা দেওয়া হবে বলে জানিয়েছিলেন তাঁরা।
আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানান, আগামী ৬ মার্চ থেকে ১৬ মার্চ অবধি বিধানসভার অধিবেশন হবে। ৮ মার্চ হবে রাজ্য বাজেট।

সূত্রের খবর, এই প্রকল্প চালু হলে সরকারের মাসে এক হাজার থেকে তেরশো কোটি টাকা বাড়তি খরচ হবে। আর্থিক সমস্যায় জর্জরিত পঞ্জাব সরকার এর জন্য গ্রেটার মহল সহ রাজ্যের বিভিন্ন স্থানে সরকারি জমি নিলাম, বিক্রি করার কথা ভাবছে। গত ছয় মাসে এই ভাবে সরকার চার হাজার কোটি টাকা সংগ্রহ করেছে বলে জানা যায়। আগামী মাসের মধ্যে সরকার এই ভাবে আরও বারো হাজার কোটি টাকা পাবে বলে আশা। ইতিমধ্যে পঞ্জাব সরকার চলতি আর্থিক বছরে ১৮ হাজার কোটি টাকার বেশি ঋণ নিয়েছে।
আগামী বছর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে পঞ্জাব সরকার মহিলা-সহ রাজ্যের সর্ব স্তরের মানুষকে খুশি করার কথা ভাবছে। এর জন্য রাজ্য বাজেট পাঁচ শতাংশ হারে বাড়ানোর কথা তাদের মাথায় আছে। এবারই সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও গ্রামীণ উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে অভিজ্ঞ মহল মনে করেন।
২০২৫-২৬ আর্থিক বছরে পঞ্জাব সরকার ২.৩৬ লক্ষ কোটি টাকার বাজেট পেশ করেছিল। এবার ৫% বৃদ্ধির কথা ভাবা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*