রোজদিন ডেস্ক : লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীর সঙ্গে জাতীয়তা বিরোধী শক্তির যোগাযোগের অভিযোগ এনে তাঁর সাংসদ পদ খারিজের দাবি করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর এই বক্তব্য নিয়ে তুমুল হট্টগোল বাধে। বিরোধী পক্ষ তাঁর এই মন্তব্যর প্রতিবাদে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন। সরকার ও বিরোধী পক্ষে তুমুল বাগবিতণ্ডা চলে৷ উত্তাল সংসদ মুলতবি হয়ে যায়।
উল্লেখ্য, গতকাল সংসদে কেন্দ্রকে তীব্র আক্রমণ শানিয়ে রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করে দেশকে বিক্রি করে দেওয়া হচ্ছে। তাঁর এই সব বক্তব্য নিয়ে ক্ষুব্ধ বিজেপি। আজ সাংসদ নিশিকান্ত দুবে বিরোধী নেতাকে আক্রমণ শানিয়ে বলেন, জাতীয়তা বিরোধী শক্তির সঙ্গে ওঁর যোগাযোগ আছে। রাহুল গান্ধীর বিরুদ্ধে তিনি দুর্নীতির অভিযোগও আনেন৷
এই সব নিয়ে দৃশ্যত ক্ষুব্ধ কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ওঁর বিরুদ্ধে আর কি কি করবে? এফআইআর করবে কি? করুক। এতে রাহুলের কিছু এসে যাবে না বলে তিনি মন্তব্য করেন।
সংসদ চত্বরে রাহুল গান্ধীকে এই সব নিয়ে প্রশ্ন করা হলে দৃশ্যত বিরক্ত বিরোধী নেতা পালটা সাংবাদিকদের বলেন, তাঁদের সবাইকে তো বিজেপি নিয়োগ করেনি!
বিশিষ্ট কংগ্রেস নেতা অধীর চৌধুরী সমাজমাধ্যমে রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে বলেন, বিজেপির ধোঁকা দেওয়া ধারণাকে তিনি ধারালো অথচ ভদ্রভাবে প্রকাশ করে দিয়েছেন, যা শাসক দলকে বিশৃঙ্খল করে দিয়েছে। যেভাবে রাহুল গান্ধী বক্তব্য রেখেছেন, এতে খুশি তিনি।

Be the first to comment