নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৮২তম জন্মদিনে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে

Spread the love

রোজদিন ডেস্ক : তাঁর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে কংগ্রেস দলের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। রাজীব গান্ধী তার মাতা প্রয়াত  প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর রাজনৈতিক জগতে প্রবেশ করেন। দেশের তরুণ তম প্রধানমন্ত্রী হিসেবে ৪০ বছর বয়সে তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এরপর ১৯৯১ সালের ২১ মে তামিলনাডুতে নির্বাচনী প্রচারের  সময় তামিল বিদ্রোহীদের আত্মঘাতী বোমায় নিহত হন তিনি।

প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিনটি জাতীয় সদভাবনা দিবস হিসেবেও আজ উদযাপিত হবে। আজ সকালে বীরভূমিতে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা জানান কন্যা প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম সহ বিশিষ্ট নেতারা।

রাজনীতিতে পদার্পণের পূর্বে রাজীব ছিলেন ইন্ডিয়ান এয়ারলাইনসের এক পেশাদার বিমানচালক। কেমব্রিজে থাকাকালীন ইতালীয় বংশোদ্ভুত সোনিয়া মাইনোর সঙ্গে তার পরিচয় হয় এবং পরে ১৯৬৮ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। মা দেশের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও, ১৯৮০ সালে কনিষ্ঠ ভ্রাতা সঞ্জয় গান্ধীর মৃত্যুর আগে পর্যন্ত রাজীব রাজনীতি থেকে দূরেই ছিলেন। ১৯৮৪ সালে অপারেশন ব্লু স্টারের প্রতিক্রিয়ায় আততায়ীর হাতে ইন্দিরা গান্ধী নিহত হলে জাতীয় কংগ্রেস নেতৃবৃন্দ রাজীবকেই দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করে।

১৯৮৪ সালে তার নেতৃত্বে কংগ্রেস সংসদের ৫৪২টি আসনের ৪১১টিতে জয়লাভ করে। এই জয় ছিল ভারতীয় সংসদে কংগ্রেসের সর্বকালের রেকর্ড। রাজীব গান্ধী লাইসেন্স প্রথা, শুল্ক ব্যবস্থা ও অর্থনৈতিক কার্যকলাপের জন্য অনুমতি প্রদানের নিয়মনীতি ঢেলে সাজান; টেলিযোগাযোগ ও শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ তথা বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারের ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নতিসাধন প্রভৃতি নানা কাজ শুরু করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*