রোজদিন ডেস্ক :
রথীন্দ্র বসু রাজ্য বিধানসভার অধ্যক্ষ হচ্ছেন। কোচবিহার দক্ষিণ কেন্দ্রের এই বিধায়ক পেশায় চার্টার্ড অ্যাকাউন্টটেন্ট বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান। বলেন, এই গুরুত্বপূর্ণ পদ চালাতে গেলে রাজনৈতিক অভিজ্ঞতা, উচ্চ শিক্ষার ও প্রয়োজন আছে। এমন একজন মানুষকে অধ্যক্ষ মনোনীত করতে পেরে তাঁরাও খুশি। আগামীকাল সকাল ১১টায় বিধানসভায় অধ্যক্ষ নির্বাচন হবে।
মুখ্যমন্ত্রীর আশা, তিনি সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ নির্বাচিত হবেন। বলেন, এর আগে বিধানসভায় কখনো অধ্যক্ষ নির্বাচন হয়নি। গতবার তাঁরা ( বিজেপি) ৭৭ জন বিধায়ক ছিলেন, অধ্যক্ষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। এবারও পরম্পরা বজায় রেখে উনি অধ্যক্ষ হবেন বলে তাঁর আশা। সবাই এর সহযোগিতা পাবেন।
রথীন্দ্র নাথ বসু এবার প্রথম বিধায়ক হলেন। মুখ্যমন্ত্রী বলেন, ২০১১ সালে প্রাক্তন অধ্যক্ষ বিমান ব্যানার্জিও প্রথমবার বিধায়ক হয়ে এই পদে আসেন। ওঁর রাজনৈতিক আনুগত্য, অ্যাডভোকেট পেশা দেখা হয়েছিল। এই ক্ষেত্রে ও তা দেখা হয়েছে বলে তাঁর কথায় ইঙ্গিত মেলে।
দল তাঁকে অধ্যক্ষ মনোনীত করায় রথীন্দ্র বসু বলেন, দল যা দায়িত্ব দিয়েছেন, তিনি পালন করবেন। প্রয়োজনে বিধানসভায় অভিজ্ঞ সদস্যদের পরামর্শ নেবেন।
সূত্রের খবর, রথীন্দ্র বসু দীর্ঘদিন আরএসএসের সদস্য ছিলেন। পরে সক্রিয় রাজনীতিতে আসেন।
সাধারণ ভাবে বিশিষ্ট আইনজীবীরা অধ্যক্ষ হন। এর আগে বাম আমলে প্রথমে সৈয়দ মনসুর হবিবুল্লাহ ও পরে হাসিম আবদুল হালিম অধ্যক্ষ হন। ২০১১ সাল থেকে টানা তিনবার অধ্যক্ষ ছিলেন বিমান ব্যানার্জি।
উত্তরবঙ্গ থেকে এই প্রথম বিধানসভার অধ্যক্ষর গুরুত্বপূর্ণ পদে রথীন্দ্র বসু আসায় খুশি ওখানকার সব মানুষই।
বিরোধী দলগুলি এই অধ্যক্ষ নির্বাচনে অংশ নেবে কিনা জানা যায় নি। তবে সংখ্যার নিরিখে রথীন্দ্র বসুই নিশ্চিতভাবে পরবর্তী অধ্যক্ষ হচ্ছেন।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, একজন ভাল অধ্যক্ষ পাচ্ছে বিধানসভা।

Be the first to comment