রোজদিন ডেস্ক : তিনি ছিলেন গৃহবধূ। একমাত্র মেধাবী কন্যা সন্তান, স্বামীকে নিয়ে তাঁর সাদামাটা জীবন আচমকাই বদলে গেছিল ২০২৪ সালের ৯ আগস্টে। তিনি আর জি কর হাসপাতালে নৃশংসভাবে ধর্ষিত, খুন হওয়া অভয়ার মা রত্না দেবনাথ। একমাত্র কন্যা সন্তানের নামটিও এখন অভয়া হিসাবে দেশব্যাপী পরিচিত। মেয়ের ওপর হওয়া নৃশংস ধর্ষণ, হত্যার বিচারের জন্য বহু চেষ্টার পর এবার রাজনীতির অঙ্গনে পা রেখেছেন তিনি। একটাই লক্ষ্য, মেয়ের বিচার। রাজ্য থেকে তৃণমূলকে উৎখাত করার সঙ্কল্প নিয়ে আজ পানিহাটি বিধানসভা কেন্দ্রর বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিলেন তিনি। সঙ্গে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি-সহ জেলার নেতারা।
কন্যার নৃশংস হত্যার শোকের আগুন বুকে নিয়ে রাত্না দেবনাথ বলেন, তাঁর একমাত্র উদ্দেশ্য রাজ্য থেকে তৃণমূলকে উৎখাত করা। রাজ্যে নারী সুরক্ষা, তাঁর কন্যার মত ঘটনা আর যাতে না হয়, তা নিশ্চিত করতে চান তিনি।
পানিহাটি কেন্দ্রে এবার বিদায়ী বিধায়ক নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষ টিএমসি-র প্রার্থী। সিপিএমের বিশিষ্ট তরুণ নেতা কলতান দাশগুপ্ত কে প্রার্থী করেছে বামফ্রন্ট। অভয়ার মা ও প্রতিদ্বন্দ্বিতা করায় এই রাজ্য সহ সারা দেশের নজর কেড়েছে এই কেন্দ্র।
ইতিমধ্যে প্রচারে নেমে টিএমসি কর্মী সমর্থকদের বাধার সম্মুখীন হয়েছেন রত্না দেবনাথ। আবার বহু মানুষ তাঁকে কাছে টেনে নিয়েছেন। চোখের জল ফেলেছেন।
আজ পানিহাটির নির্বাচনী প্রচারে গিয়ে নাম না করে অভয়ার মাকে কটাক্ষে বিধেছেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment