বাড়ছে না ইএমআইয়ের বোঝা, রেপো রেট অপরিবর্তিতই থাকছে, জানিয়ে দিলেন আরবিআই গভর্নর

Spread the love

রোজদিন ডেস্ক : মধ্যপ্রাচ্যে অশান্তির জেরে দেশে পেট্রো পণ্যের দাম উর্ধ্বমুখী। যার জেরে বাড়ছে বাজার দর। নাভিশ্বাস উঠছে গরিব ও মধ্যবিত্তের। এই আবহে তাদের জন্য কিছুটা স্বস্তির খবর দিন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই। শুক্রবার তারা জানিয়েছে আপাতত অপরিবর্তিতই থাকছে রেপো রেট। ৫.২৫ শতাংশ হারেই থাকছে রেপো রেট। এর ফলে ব্যাঙ্কে সুদের হারে কোনও পরিবর্তন হবে না। বাড়বে না ইএমআইয়ের অঙ্ক। যা নিঃসন্দেহে স্বস্তি দিচ্ছে মধ্যবিত্ত শ্রেণিকে। আজ, শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, দু’দিনের বৈঠকের পর আরবিআইয়ের মনিটরি পলিসি কমিটির ছয় সদস্য সর্বসম্মতিতে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরবিআই গভর্নর আরও বলেন, যুদ্ধের জেরে বিশ্বের অর্থনীতি সঙ্কটের মধ্যে থাকলেও, ভারত সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত। এই বছর দুর্বল বর্ষার কারণে সামগ্রিকভাবে বৃদ্ধিতে প্রভাব পড়তে পারে। এর প্রভাব মূল্যবৃদ্ধিতেও পড়বে। তবে পর্যাপ্ত জোগান মজুত থাকায় বড় কোনও সঙ্কট দেখা দেবে না। একই সঙ্গে তিনি জানিয়েছেন, মার্চ, এপ্রিল মাসে মুদ্রাস্ফীতির হার ৩.৭ শতাংশে স্থিতিশীল ছিল। যা যথেষ্ট স্বস্তিদায়ক। দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই-ও বাড়ছে বলেই জানিয়েছে তিনি। আর বিদেশি মুদ্রার ভাণ্ডারও স্থিতিশীল রয়েছে, তা নিয়ে অযথা উদ্বেগের কোনও প্রয়োজন নেই বলেই তাঁর দাবি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*