নেভা চুক্তিতে সই, ডিজিটাল বিধানসভার পথেই এবার পশ্চিমবঙ্গ

Spread the love

রোজদিন ডেস্ক : অবশেষে জাতীয় ই-বিধান অ্যাপ্লিকেশন বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হল পশ্চিমবঙ্গ বিধানসভাও। সংসদ ভবনে কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রকের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে নেভা সংক্রান্ত ত্রিপাক্ষিক সমঝোতা স্মারকে সই হয়। এর ফলে দেশের ৩৩তম আইনসভা হিসেবে এই ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হল পশ্চিমবঙ্গ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, কেন্দ্রীয় আইন ও বিচার প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) অর্জুন রাম মেঘওয়াল, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগান, পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু সরাসরি পূর্বতন তৃণমূল সরকারের সমালোচনা করেন। তাঁর দাবি, তথ্যপ্রযুক্তি নির্ভর প্রশাসনিক সংস্কারের পরিবর্তে রাজনৈতিক কারণে দীর্ঘদিন নেভা প্রকল্পকে আটকে রাখা হয়েছিল। ফলে পশ্চিমবঙ্গ জাতীয় ডিজিটাল আইনসভা ব্যবস্থার বাইরে থেকে গিয়েছিল। অধ্যক্ষ আরও বলেন, বর্তমান সরকার রাজনৈতিক বাধা সরিয়ে জনস্বার্থে এই প্রকল্প বাস্তবায়নের পথে এগিয়েছে। তাঁর মতে, নেভা চালু হলে বিধানসভার কার্যসূচি, প্রশ্নোত্তর, কমিটির রিপোর্ট, বিল-সহ সমস্ত নথি ডিজিটাল মাধ্যমে সংরক্ষিত হবে এবং আইন প্রণয়ন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও দ্রুত হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, সংসদীয় গণতন্ত্রের প্রাণকেন্দ্র হল সংসদ ও বিধানসভা। সেই প্রতিষ্ঠানগুলিকে আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করা সময়ের দাবি। ডিজিটাল তথা পেপারলেস বিধানসভা গড়ে তোলার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে পশ্চিমবঙ্গ। নেভা চালু হলে বিধানসভার অধিকাংশ কাজই অনলাইনে হবে। প্রশ্নোত্তর, নোটিস, বিল, কমিটির রিপোর্ট এবং অন্যান্য নথি ডিজিটাল মাধ্যমে পাওয়া যাবে। সরকারের দাবি, এতে প্রশাসনিক দক্ষতা যেমন বাড়বে, তেমনই বিপুল পরিমাণ কাগজ সাশ্রয় হবে যা পরিবেশের পক্ষে সহায়ক হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*