৭৯তম স্বাধীনতা দিবসের সকালে রেড রোডে বর্ণাঢ্য কুচকাওয়াজ চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়ে একের পর এক স্কুল পড়ুয়া। তাদের দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবার তা নিয়ে শুরু হল রাজনৈতিক তরজা। বিকেলে এক সাংবাদিক বৈঠক করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন সরাসরি রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, “তথ্য-সংস্কৃতি দফতর সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে। মুখ্যমন্ত্রী এবং সরকারি কর্তারা নিজে ছায়া-ঢাকা শেডের নীচে বসে থেকেছেন, আর স্কুলের বাচ্চাদের ঘণ্টার পর ঘণ্টা রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয়েছে।”
তিনি বলেন, অসুস্থতার কারণ হিসেবে মুখ্যমন্ত্রীর মন্তব্য আরও অমানবিক। শুভেন্দু বলেন, “নিজেদের গাফিলতি ঢাকতে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘ওরা নাকি ডায়েটিংয়ের জন্য সকালে খায়নি, একজন অসুস্থ হওয়ায় বাকিরাও অসুস্থ হয়েছে’—এমন মন্তব্য অভিভাবকসুলভ নয়।” এদিন দুটি ভিডিও দেখান শুভেন্দু। তিনি দাবি করেন, সোমবার এবং বুধবার টানা রিহার্সাল হয়েছিল। সোমবারই চারজন পড়ুয়া অসুস্থ হয়েছিলেন। “তখনই প্রশাসনের সতর্ক হওয়া উচিত ছিল। তা না করে জেলার স্কুল থেকে বাচ্চাদের এনে কষ্ট দেওয়া হয়েছে,” অভিযোগ তাঁর।

Be the first to comment