বাংলায় অভয়ার বিচার হয়নি উপরন্তু তৃণমূল সরকার দোষীদের আড়াল করেছে; নরেন্দ্র মোদী

Spread the love

মাসানুর রহমান, কলকাতা:- আজ বাংলা সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বঙ্গে এসে সরকারী একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি বিজেপির রাজনৈতিক মঞ্চেও বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী। সেখান থেকে একাধিক ইস্যুকে সামনে রেখে রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন তিনি।

সম্প্রতি আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। যে ঘটনার রেশ কাটতে না কাটতেই ঘটে যায় কসবা কলেজের ঘটনা। যাকে কেন্দ্র করে ফের একবার বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে রাজ্যজুড়ে। এই দুই ঘটনার কথা এবার উঠে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায়।

এদিন এই দুই ইস্যুতে দুর্গাপুরের সভা থেকে চাঁচাছোলা ভাষায় তৃণমূলকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর জি করকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আজ পশ্চিমবঙ্গে হাসপাতালও মেয়েদের জন্য সুরক্ষিত নয়। আপনারা দেখেছেন, যখন চিকিৎসক-বেটির সঙ্গে অত্যাচার হয়েছিল, তখন কীভাবে তৃণমূল সরকার অপরাধীদের বাঁচাতে নেমে পড়েছিল।” এরপরই সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সাউথ সিটি ল’কলেজের ঘটনা উঠে আসে তাঁর মুখে।

এদিন প্রধানমন্ত্রী বলেন, “এই ঘটনা দেশ এখনও ভুলতে পারেনি, আরও একটি কলেজে এক কন্যার সঙ্গে ভয়ঙ্কর অত্যাচার করা হয়েছে। এই ঘটনাতেও যারা অভিযুক্ত তাদের যোগাযোগ রয়েছে তৃণমূলের সঙ্গে। তৃণমূলের বড় নেতা-মন্ত্রীরা অভিযুক্তদের পরিবর্তে অত্যাচারিতাকেই দোষ দিচ্ছেন। এমন অনেক উদাহরণ আছে যা তৃণমূলের নির্মমতার সাক্ষী। আমাদের একসঙ্গে বাংলাকে এই নিমর্মতা থেকে বের করতে হবে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*