রোজদিন ডেস্ক, কলকাতা:- বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালীদের উপর হেনস্থা করা হচ্ছে। কাগজ দেখার নাম করে তাদের উপর বাংলাদেশী তকমা দেওয়া হচ্ছে, বিজেপির সরকারের উপর এমন একাধিক ইস্যুতে টানা রাজনৈতিক চাপ প্রয়োগ করে চলেছে তৃণমূল কংগ্রেস।
একদিকে ওড়িশা-সহ দেশের একাধিক রাজ্যে বাংলায় কথা বললেই হেনস্থার অভিযোগ উঠেছে। এই ইস্যুতে ইতিমধ্যেই পথে নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, ‘বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে গেল ?’ বলতে গেলে গত কয়েকদিন ধরেই এই ইস্যুতেই অসমের মুখ্যমন্ত্রী বনাম রাজ্যের মুখ্যমন্ত্রীর বাক্যবাণ ছোড়াছুড়ি চলছে। এহেন পরিস্থিতিতেই আজ রাজ্যে এসে তৃণমূলকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন বাংলা সফরে এসে দুর্গাপুরের রাজনৈতিক সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন ‘টিএমসি নিজের স্বার্থের জন্য অনুপ্রবেশকারীদের নকল কাগজ বানিয়ে দিচ্ছে। দেশের সুরক্ষার জন্য এটি খুবই বিপজ্জনক। দেশের সাংবিধানিক সংস্থাগুলিকেও আক্রমণ করছে টিএমসি। যে ভারতের নাগরিক নয়, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ভারতের সংবিধান অনুযায়ী। যে কোনও ধরণের চক্রান্ত বিজেপি সফল হতে দেবে না। বাংলার ডবল ইঞ্জিন সরকার প্রয়োজন।’
প্রসঙ্গত উল্লেখ্য, দিল্লির জয় হিন্দ কলোনীতে বাঙালীদের উপর হেনস্থার প্রতিবাদে ধর্ণাও দিয়েছে তৃণমূলের প্রতিনিধিদল। এমতাবস্থায় বাঙালী নিয়ে টানাপোড়েন জাতীয় রাজনীতিতেও কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।

Be the first to comment