চিরন্তন ব্যানার্জি, কলকাতা:– দুর্গাপুরে মোদীর বাংলায় ভাষণ শুরু করা নিয়ে কটাক্ষ তৃনমূলের। এদিন তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে পোস্ট, ‘প্রধানমন্ত্রী আপনি বাংলায় বক্তৃতা শুরু করেছেন তা খুব ভালো। কিন্তু আপনাকেও ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে না তো?’
দুর্গাপুরের সভার শুরুতে প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল না রামনাম। বরং ‘খাঁটি বাঙালি’র মতো বাংলায় ভাষণ শুরু করে মা দুর্গা এবং মা কালীর নাম নিলেন প্রধানমন্ত্রী। বললেন, “বড়রা আমার প্রণাম নেবেন। ছোটরা ভালোবাসা। জয় মা কালী। জয় মা দুর্গা।” মোদির এই বাংলায় ভাষণকে কটাক্ষ করেছে তৃণমূল।
উল্লেখ্য, সম্প্রতি, বাংলার শ্রমিকরা বাংলা বলার অপরাধে দেশের বিভিন্ন প্রান্তে লাঞ্ছিত হচ্ছেন। বাংলা বলার অপরাধে তাঁদের আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। যার প্রতিবাদে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার শ্রমিকদের প্রতি অবিচার তিনি মেনে নেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। প্রয়োজনে সারা দেশজুড়ে তিনি এর প্রতিবাদ করবেন বলে জানিয়েছেন। যদি ক্ষমতা থাকে তাঁকে আটক করার কথা বলেছেন তিনি।
সেই আবহে ২০২৬ বিধানসভার আগে নরেন্দ্র মোদি দুর্গাপুরের সভায় ভাঙা ভাঙা বাংলায় সাধারণ মানুষের কাছে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন নজর কেড়েছে। তাতেই কটাক্ষ করে তৃণমূল। মোদীর বক্তব্যের শেষে দলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয় , ‘বাংলায় বক্তৃতা শুরু করেছেন তা খুব ভালো। কিন্তু আপনাকেও ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে না তো?’

Be the first to comment