রোজদিন ডেস্ক :
গানের কোন ভাষা, জাতি, ধর্ম নেই, তা বিশ্বজনীন। কোচিতে বন্দে ভারত উদবোধনী অনুষ্ঠানে আরএসএসের গান গীতম গাওয়া কোন অপরাধ হয়নি। পড়ুয়ারা স্বেচ্ছায় স্বতঃস্ফূর্ত ভাবে এই গান গেয়েছেন। এটি কোন সন্ত্রাসী বিষয় না৷ যাদের তা শুনতে ইচ্ছে না করে তাঁরা কান বন্ধ রাখুক বলে কেন্দ্রীয় প্রতি মন্ত্রী তথা কেরালার একমাত্র বিজেপি সাংসদ অভিনেতা সুরেশ গোপী মন্তব্য করেছেন। তাঁর কথায়, শুধু শুধু এই নিয়ে রাজনীতি হচ্ছে। আর পড়ুয়াদের কোনভাবেই জোর করা হয়নি বলে তিনি দাবি করেন।
প্রসঙ্গত গতকাল কোচিতে এর্নাকুলাম – বেঙ্গালুরু বন্দে ভারত ট্রেন উদ্বোধনী অনুষ্ঠানে পড়ুয়াদের আরএসএসের গান গাইতে বাধ্য করা হয় বলে অভিযোগ উঠেছে। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল পৃথক ভাবে এর তীব্র নিন্দা করেছেন।
কেরালা বিদ্যালয় শিক্ষা দফতর এই বিষয়ে তদন্ত করছে। তাদের অভিযোগ, একটি বিশেষ গোষ্ঠী ছোটদের দিয়ে তাদের সাম্প্রদায়িক উদ্দেশ্য চরিতার্থ করেছে, যা অসাংবিধানিক। এই বিষয়ে বিদ্যালয় শিক্ষা অধিকর্তা রিপোর্ট চেয়েছেন।
অভিনেতা রাজনীতিক সুরেশ গোপী আজ দাবি করেন, ছোট পড়ুয়ারা স্বতঃস্ফূর্তভাবে যে গান করেছে তা উপভোগ না করে রাজনীতি হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কবিগুরুর “আমার সোনার বাংলা” গান নিষিদ্ধ করার ফতোয়া জারি করেছেন।তাঁরই দলের কেরালার সাংসদ সুরেশ গোপী আজ গানকে বিশ্বজনীন আখ্যা দেন।

Be the first to comment