সামশেরগঞ্জে পিতা-পুত্রকে নৃশংস হত্যাকাণ্ডে দোষী ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

Spread the love

রোজদিন ডেস্ক : ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভের সময় বাড়িতে চড়াও হয়ে নৃশংসভাবে খুন করা হয়েছিল পিতা-পুত্র হরগোবিন্দ দাস ও চন্দন দাস কে। অভিযোগ ছিল, বারবার পুলিশকে খবর দিলেও তারা আসে নি। যখন এসেছে, তখন হামলাকারীদের আক্রমণে পিতা-পুত্র উভয়েই প্রাণ হারিয়েছেন। যুগপৎভাবে নৃশংস, মর্মান্তিক এই হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত তেরো জনকেই আজ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জঙ্গিপুর মহকুমা আদালত। সঙ্গে নিহতদের পরিবারকে পনেরো লক্ষ টাকা দিতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকেও। আজ বিচারপতি অমিতাভ মুখার্জি এই সাজা ঘোষণা করেন। দোষীদের কারাদণ্ডর পাশে দশ হাজার টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড হবে তাদের।
চলতি বছরের ১২ এপ্রিল এই নৃশংস হত্যাকান্ডে বাকরুদ্ধ হয় সংশ্লিষ্ট এলাকা-সহ সারা রাজ্যই। তীব্র সমালোচনার ঝড় ওঠে বিরোধী রাজনৈতিক মহলে। নিহত পিতা পুত্র সিপিএমের সমর্থক ছিলেন।
পুলিশ অবশ্য একে রাজনৈতিক হিংসা বলতে নারাজ। ব্যক্তিগত আক্রোশে এই হত্যা বলে তারা জানায়। চার্জশিটেও একই কথা বলে।
আজ কড়া নিরাপত্তার মধ্যে জঙ্গিপুর মহকুমা আদালতে এই রায় ঘোষণা করেন বিচারপতি।

গোটা সামশেরগঞ্জ ছিল থমথমে। রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী। গতকালই তেরো জনকে দোষী সাব্যস্ত করেছিলেন বিচারপতি। আজ বিকেলে সাজা ঘোষণা করেন। তা শুনে দোষীরা দাবি করে, তাদের ফাঁসানো হয়েছে। আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়ে তারা।
এই ঘটনায় দ্রুত তদন্ত করেছে পুলিশ। গুরুত্ব বুঝে গঠন করা হয় সিট।
সাজা ঘোষণার আগে কলকাতায় রাজ্য পুলিশের পক্ষে সাংবাদিক বৈঠক করা হয়। এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার জানান, পুলিশ কিভাবে এই তদন্ত করেছে। শুধু এই রাজ্য নয়, অপরাধীদের খোঁজে পুলিশ ওড়িশা, ঝাড়খন্ডেও গেছিল।ছাপ্পান্ন দিনের মধ্যে এই মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ।
সুপ্রতিম সরকার আরও জানান, অপরাধীদের সনাক্ত করতে তাঁরা সব সিসিটিভি ফুটেজ দেখেন। নজর রাখা হয় তাদের গতিবিধি, মোবাইল টাওয়ারেরর ওপরও।
এমনকি অত্যাধুনিক পদ্ধতিতে অভিযুক্তদের জিএআইটি, অর্থাৎ হাঁটাচলা ইত্যাদিও খতিয়ে দেখা হয়। সব কিছুই আদালতে পেশ করা হয়েছে।
উল্লেখ্য, বিজেপি এই ঘটনায় সক্রিয় ভূমিকা নেয়। বিরোধী নেতা শুভেন্দু অধিকারী নিহতদের পরিবারের সঙ্গে অবিরত যোগাযোগ রাখেন বলেও জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*