রোজদিন ডেস্ক : তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ ডাঃ শান্তনু সেনের সাসপেনশন প্রত্যাহার করে নিল দল। আরজি কর-কাণ্ডের পর তাঁকে সাসপেন্ড করা হয়েছিল। রবিবার দলের তরফে তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার এক বিবৃতিতে জানান, দলের শীর্ষ নেতৃত্ব তাঁর সাসপেনশন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেই অনুযায়ী আজ থেকেই তাঁর সাসপেনশন উঠে গেল। এখন থেকে দলের হয়ে সব রকম কাজ করতে পারবেন তিনি। সাসপেন্ড হলেও দলবিরোধী কোনও বা মন্তব্য করেননি তিনি। ২০২৫ সালের জানুয়ারিতে সাসপেন্ড করা হয় শান্তনু সেনকে। তার আগের বছর, অর্থাৎ ২০২৪ সালের অগস্টে আরজি কর-কাণ্ডের সময় কিছু মন্তব্যের কারণে দলের সঙ্গে দূরত্ব তৈরি হয় তাঁর। সেই বক্তব্যের কারণেই তাঁকে সাসপেন্ড করা হয়েছিল বলেই অনেকে মনে করেন। যদিও দলের তরফে এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। শান্তনু নিজে জানিয়েছিলেন, সেটা তিনি মনে করেন না। কারণ, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে তিনি অনেক আগে মুখ খুলেছিলেন। সেই সঙ্গে তিনি জোরের সঙ্গে জানান, আরজি কর আন্দোলনে তিনি কোনওদিনই মদত দেননি। তাঁর ধারণা, তাঁর কথা হয়তো ঠিক জায়গায় পৌঁছোয়নি।

Be the first to comment