রমিত সরকার, নদিয়া : আবারও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল শান্তিপুর থানার পুলিশ। বাড়ি থেকে হারিয়ে যাওয়া পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পরিবারের হাতে নিরাপদে ফিরিয়ে দিল পুলিশ প্রশাসন।
ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত গয়েশপুর পঞ্চায়েত এলাকায়। ওইদিন ডিউটিরত অবস্থায় ছিলেন শান্তিপুর থানার এসআই নন্দদুলাল হাজিরা। তিনি লক্ষ্য করেন, হলুদ গেঞ্জি পরা একটি ছোট শিশু একা একা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি শিশুটির সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তবে শিশুটি নিজের ঠিকানা বা পরিবারের বিষয়ে কিছুই বলতে পারেনি।
পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে শিশুটিকে পুলিশ গাড়িতে করে শান্তিপুর থানায় নিয়ে আসা হয়। এরপর থানার পক্ষ থেকে শুরু হয় পরিবারের সন্ধান করার প্রক্রিয়া। আশপাশের এলাকায় খোঁজখবর, স্থানীয় সূত্র এবং বিভিন্ন মাধ্যমে অনুসন্ধান চালানো হয়।

কয়েক ঘণ্টার মধ্যেই শিশুটির পরিবারের খোঁজ পায় পুলিশ। খবর পেয়ে দ্রুত থানায় ছুটে আসেন পরিবারের সদস্যরা। দীর্ঘ সময় পর সন্তানকে সামনে দেখে আবেগে ভেঙে পড়েন তারা।
শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কাজল বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শিশুটির বাড়ি শান্তিপুরের বাবলা পঞ্চায়েতের প্রমোদনগর এলাকায়। শিশুটির দাদু কার্তিক বিশ্বাস জানান, অজানা কারণে তার নাতি বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল। পরিবারের অজান্তেই সে অনেক দূরে চলে যায়।
তিনি আরও বলেন, “পুলিশের তৎপরতা আর মানবিক ব্যবহারের জন্যই আজ আমরা আমাদের নাতিকে ফিরে পেয়েছি। আমরা পুলিশের কাছে চিরকৃতজ্ঞ।”
এই ঘটনায় আবারও প্রমাণ হল, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই পুলিশের আসল পরিচয়। শান্তিপুর থানার এই মানবিক উদ্যোগ এলাকাবাসীর মধ্যেও প্রশংসা কুড়িয়েছে।
স্থানীয়দের মতে, এ ধরনের তৎপরতা সমাজে পুলিশের প্রতি আস্থা আরও বাড়ায়। শিশুটিকে দ্রুত উদ্ধার ও নিরাপদে ফিরিয়ে দেওয়ার ঘটনায় শান্তিপুর থানার পুলিশকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

Be the first to comment