রোজদিন ডেস্ক : মাধ্যমিক পরীক্ষার ফর্ম পূরণ নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ বিভিন্ন বিদ্যালয়কে শো-কজ নোটিশ পাঠানোয় শিক্ষক মহল ক্ষুব্ধ।
সম্প্রতি মাধ্যমিকের ফর্ম কেন সময়ে পূরণ করা হয়নি, এই নিয়ে বহু বিদ্যালয়কে এই নোটিশ পাঠানো হয়েছে। সূত্রের খবর, তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনছে পর্ষদ।
তাদের এই ভূমিকায় এক রাশ ক্ষোভ ব্যক্ত করেছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, মূলত পড়ুয়া ও অভিভাবকদের অসহযোগিতা এর জন্য দায়ী। শিক্ষক দের বারবার অনুরোধ, আবেদনেও বহু পড়ুয়া সাড়া দেয়নি। সহযোগিতা মেলেনি অভিভাবকদেরও। তাদের ভবিষ্যতের কথা ভেবে শিক্ষকরাই ফর্ম পূরণের জন্য বিশেষ ব্যবস্থা নিতে পর্ষদকে আবেদন করেন। শেষ অবধি তাঁদের আবেদনে সাড়া দিয়ে শেষ মুহূর্তে পর্ষদ খুব কম সময়ের জন্য পোর্টাল খোলে। পড়ুয়াদের অনেকে সেখানে ফর্ম পূরণ করে। অনেক পড়ুয়া বিদ্যালয়েই ফর্ম পূরণ করার জন্য শিক্ষকদের অনুরোধ করে।
এরপরও পর্ষদ কিভাবে ফর্ম পূরণ না হওয়ায় বিদ্যালয়কে দূষে শো-কজ নোটিশ পাঠাচ্ছে এতে যুগপৎ ক্ষুব্ধ ও বিস্মিত তাঁরা।
এর পরে শিক্ষকরা ভবিষ্যতে পড়ুয়াদের হয়ে পর্ষদকে কোন অনুরোধ করবেন কিনা সেই বিষয়ে সংশয় দেখা দিয়েছে।
অন্য সূত্রের খবর, মাধ্যমিকের ফর্ম পূরণ না হওয়ায় যে পড়ুয়ারা পরীক্ষা দিতে পারেনি, সম্ভবত এখন তারা বা তাদের অভিভাবকরা চাপ সৃষ্টি করছেন। সম্প্রতি রাজ্য সরকার ন্যুনতম মাধ্যমিক পাস হলে যুবসাথী প্রকল্পে মাসে ১৫০০ টাকা বেকার ভাতা চালু করেছে। এর ফলে যারা মাধ্যমিকের ফর্ম পূরণ করেনি, পরীক্ষা দিতে পারেনি, তারা চাপে আছে বলে অভিজ্ঞ মহল মনে করেন। এর দায় বিদ্যালয়গুলির ওপর চাপানো হচ্ছে। যা নিয়ে ক্ষুব্ধ শিক্ষক মহল।

Be the first to comment