রোজদিন ডেস্ক : আর্থিক বছর শেষ হতে মাত্র কয়েক দিন বাকি থাকলেও রাজ্যের কয়েক হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রাপ্য কম্পোজিট গ্রান্টের ৭৫% টাকা এখনও দেয়নি রাজ্য সরকার।। শুধু এই বছরই না, গত আর্থিক বছরের (২০২৪ -২৫) ৫০% টাকা এখনও মেলেনি বলে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হাণ্ডা জানিয়েছেন। অবিলম্বে এই সব টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে তাঁদের সংগঠন বুধবার রাজ্যব্যাপী “সারা বাংলা দাবি দিবস” পালন করেন। আনন্দ হাণ্ডা বলেন গত বছর ৫ মার্চ কম্পোজিট গ্রান্ট বাবদ প্রাথমিক বিদ্যালয়গুলিকে ২০২৪ -২৫ সালের ৫০% টাকা দেওয়া হয়। এরপর গত বছর ২৫ সেপ্টেম্বর চলতি আর্থিক বছরের (২০২৫-২৬) কম্পোজিট গ্রান্ট বাবদ ২৫% টাকা দেওয়া হয়। এরপর আর কোন টাকাই আসেনি। তিনি জানান, মার্চে আসা ৫০% অর্থ বেশির ভাগ বিদ্যালয়ের বিদ্যুৎ বিল মেটাতেই খরচ হয়েছে।
এবারও বহু বিদ্যালয়ের বিদ্যুৎ বিল বকেয়া, পড়ুয়াদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার টাকারও অভাব। এই প্রেক্ষিতে তাঁরা শিক্ষা অধিকর্তাকে চিঠি দিয়েছেন।

Be the first to comment