রোজদিন ডেস্ক :
সাংসদ অভিষেক ব্যানার্জির সেবাশ্রয় নিয়ে কঠোর ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। আজ বিধান সভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিস্কার বলেন, ভাইপো ( সাংসদ অভিষেক ব্যানার্জি) ও তাঁর শাগরেদদের কাউকে রেয়াত করা হবে না। ওই শিবিরে চিকিৎসা করে এক মহিলার ডান পা ও একটি শিশুর ডান হাত কাটা যাওয়া নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। আজ বিধানসভায় বেশ কয়েকটি ছবি দেখিয়ে কঠিন স্বরে মুখ্যমন্ত্রী বলেন, এই চিটিংবাজটা (অভিষেক ব্যানার্জি!) কিভাবে ক্ষতি করেছে দেখুন, কারও পা, কারও হাত কাটা গেছে। সেবাশ্রয়ে বড় স্ক্যাম হয়েছে জানিয়ে অভিষেক ব্যানার্জিকে তীব্র ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।
গতকাল বিধান সভায় ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পন্ডা সেবাশ্রয় নিয়ে বিধানসভায় দৃষ্টি আকর্ষণ করার পরই পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ আজ মুখ্যমন্ত্রী বিবৃতি দেওয়ার কথা জানিয়েছিলেন।
সেই অনুযায়ী মুখ্যমন্ত্রী আজ সেবাশ্রয় নিয়ে এক রাশ অভিযোগ জমা পড়েছে জানিয়ে পরিসংখ্যান তুলে ধরেন। বলেন, এক্স রে মেশিন, আল্ট্রাসোনোগ্রাফির মেশিন ইত্যাদি বাইরে নেওয়া হয়েছে।
বহু সরকারি ডাক্তার, মেডিকেল পড়ুয়াদের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। এতো খুনের মামলা বলে তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী হুঙ্কার দিয়ে বলেন, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। সব মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে। সব কটাকে তোলা হবে।
মুখ্যমন্ত্রীর আরও দাবি, সেবাশ্রয়ে মেয়াদ উত্তীর্ণ ওষুধও দেওয়া হয়েছিল। এই নিয়ে চিকিৎসক রাজীব বিশ্বাসের একটি চিঠিও সভায় পড়ে শোনান তিনি। ওখানে দুর্নীতির জন্য পদস্থ পুলিশ, চিকিৎসকদের নিয়ে অভিযান করা হচ্ছে। মানুষের জীবনের যাঁরা ক্ষতি করেছেন, তাঁদের প্রতিটি অভিযোগকে এফআইআর হিসাবে ধরা হচ্ছে। অভিযুক্ত সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী দৃঢভাবে জানান।

Be the first to comment