রোজদিন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জির পদ্মশ্রী প্রাপ্তিতে তাঁকে শুভেচ্ছা ও সম্মান জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আজ তাঁর বাড়ি গিয়ে শুভেচ্ছা জানিয়ে সুকান্ত মজুমদার প্রসেনজিৎ-এর শিল্পী জীবন, অসামান্য অভিনয় দক্ষতা, বাংলা সংস্কৃতিকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে তুলে ধরার ভূয়সী প্রশংসা করেন। বলেন, এই সবই তাঁদের কাছে অনুপ্রেরণার উৎস। সুকান্ত মজুমদার তাঁকে অযোধ্যার রামলালার মুর্তি, মিষ্টি, ফল, ফুল ইত্যাদি দেন। প্রসেনজিৎ এর স্বাস্থ্য সচেতনতার প্রেক্ষিতে পরিহাস করে বলেন, উনি মিষ্টি না খেলেও ফলটা যেন অবশ্যই খান।

সুকান্ত মজুমদারের সঙ্গে অভিনেতা রুদ্রনীল ঘোষ, অনুপম ভট্টাচার্য সহ আরও অনেকে গেছিলেন।
সূত্রের খবর, কিভাবে অভিনেতা তাঁর চির তারুণ্য ধরে রেখেছেন, তাও জানতে চান সুকান্ত মজুমদার। সহাস্যে প্রসেনজিৎ জানান, অনেকেই তাঁর কাছে এই কথা জানতে চান। পেট ভরে না খাওয়া এর নেপথ্য কারণ বলে জানান তিনি।
বেশ কিছুক্ষণ নানা বিষয়ে তাঁদের কথা হয় বলে জানা গেছে।

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জির বাড়ি সুকান্ত মজুমদারের যাওয়া নিয়ে গুঞ্জন ওঠে, ওঁর পদ্মশ্রী প্রাপ্তির জন্য সম্মান ও শুভেচ্ছা জানাতে তিনি গেছিলেন বলে সমাজ মাধ্যমেও জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী।

Be the first to comment