রোজদিন ডেস্ক :
আই প্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডি-র তল্লাশির সময় মুখ্যমন্ত্রীর উপস্থিতি অনভিপ্রেত বলে মনে করে শীর্ষ আদালত। আজ দেশব্যাপী সাড়া জাগানো এই মামলার শুনানি হয়।
রাজ্যের পক্ষে আইনজীবী শ্যাম দিওয়ান প্রশ্ন তোলেন, একই দেশের দুই সরকার একে অপরের বিরুদ্ধে মামলা করবে, এটা সংবিধান প্রণেতারা ও সম্ভবত ভাবেননি। ইডি এই নিয়ে যে হলফনামা দিয়েছে সেখানে বেশ কিছু নতুন বিষয় আছে জানিয়ে তিনি বলেন, এই নিয়ে হলফনামা দিতে রাজ্যকে সময় দেওয়া হোক।
ইডি-র পক্ষে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা এর বিরোধিতা করেন।
অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ এই মামলা নিয়ে রাজ্যের আইনজীবী ইডি-র দায়ের করা মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। এর প্রেক্ষিতে বিচারপতি পি কে মিশ্র ও বিচারপতি এন ভি আঞ্জারিয়ার বেঞ্চ পালটা বলেন, ইডি-র তল্লাশির সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপ অনভিপ্রেত। এই পরিস্থিতিতে ইডি কি করবে বলে পালটা প্রশ্ন তোলেন।
ইডি-র আইনজীবী তুষার মেহতা মুখ্যমন্ত্রীকে নিশানা করে আরও বলেন, কেন্দ্রীয় সংস্থার তল্লাশিতে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছেন। এখন আবার সময় চাইছেন?
উভয়পক্ষের আইনজীবীদের তর্ক বিতর্কে আদালতের কক্ষ আজ সরগরম হয়ে ওঠে। এই মামলার ওপর স্থগিতাদেশ জারির জন্য রাজ্যের আর্জিও খারিজ করে দেয় শীর্ষ আদালতে।
মধ্যাহ্ন বিরতির পর ফের এই মামলার শুনানি হওয়ার কথা।

Be the first to comment