রোজদিন ডেস্ক :
এবার একই সঙ্গে রাজ্যসভার সাংসদ পদ ও তৃণমূল ছাড়লেন অসমের নেত্রী সুস্মিতা দেব। আজ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখাও করেন তিনি। যা তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা উসকে দিয়েছে।
আজ উপ রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করে ইস্তফা পত্র তুলে দেন সুস্মিতা দেব। তিনি ও সুখেন্দু শেখর রায় ইস্তফা দেওয়ায় রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা ১৩ থেকে কমে হল ১১ জন।
অভিনেতা সাংসদ কোয়েল মল্লিকও ইস্তফা দেবেন বলে জল্পনা চলেছে।
অসমের দাপুটে কংগ্রেস নেতা প্রয়াত সন্তোষ মোহন দেবের কন্যা সুস্মিতা বহুদিন ধরেই সক্রিয় রাজনীতিক। কংগ্রেস ছেড়ে ২০২১ সালে তিনি তৃণমূলে যোগ দেন। দুবার তাঁকে রাজ্যসভায় পাঠায় তৃণমূল। এবার ২০৩০ সাল অবধি তাঁর সাংসদ পদের মেয়াদ ছিল। তৃণমূল তাঁকে অসম ও উত্তর পূর্বের দায়িত্ব দিয়েছিল।
আজ সুস্মিতা দেব বলেন, এটা তাঁর ব্যক্তিগত বিষয়। গণতান্ত্রিক দেশে সবার নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। অসমের মানুষের জন্য তিনি কাজ করতে চান।

Be the first to comment