মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি বিরোধী নেতার

Spread the love

রোজদিন ডেস্ক : মুখ্যমন্ত্রী তাঁর বিরুদ্ধে প্রকাশ্যেই কয়লার টাকা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে পাঠানোর অভিযোগ করেছিলেন। এতে তাঁর মানহানি হওয়ার পালটা অভিযোগ এনে মুখ্যমন্ত্রীর জবাব দাবি করেছিলেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। হুঁশিয়ারি দিয়েছিলেন, নির্দিষ্ট সময়ে মুখ্যমন্ত্রী এর জবাব না দিলে তিনি আইনি পথে যাবেন।
আজ সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রীকে বিঁধে শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী তাঁকে কোন জবাব দেননি, এর জন্য তাঁর দেওয়া নির্দিষ্ট সময়সীমাও পেরিয়ে গেছে। এবার তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি পথে যাবেন বলে জানিয়ে দেন তিনি। বলেন, উনি যে চরম অস্বস্তি ও দিশেহারা অবস্থায় আছেন, এর থেকেই বোঝা যায়। মুখ্যমন্ত্রী তাঁর বিরুদ্ধে অসত্য অভিযোগ এনেছিলেন বলে তোপ দেগে বিরোধী নেতা বলেন, এবার যা হওয়ার আদালতেই হবে।
অন্যদিকে বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে নোটিশ দিয়েছে মালদার চাঁচল থানার পুলিশ।
চলতি মাসে চাঁচলে এক সমাবেশে প্রাক্তন পুলিশ আধিকারিক, এখন টিএমসি নেতা প্রসূন ব্যানার্জিকে তীব্র আক্রমণ করেছিলেন বিরোধী নেতা। তাঁকে চরিত্রহীন, ডাকাত, লম্পট, দুর্নীতিগ্রস্ত ইত্যাদি বিশেষণও দেন। এর বিরুদ্ধে চাঁচল থানায় বিরোধী নেতার বিরুদ্ধে নালিশ জানান প্রসূন ব্যানার্জি। এই প্রেক্ষিতেই শুভেন্দু অধিকারীকে চাঁচল থানা নোটিশ পাঠিয়েছে বলে জানা যায়।
প্রসূন ব্যানার্জিও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বেশ কিছু বিশেষণ প্রয়োগ করেছেন।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই বিষয়ে বলেন, বিরোধী নেতা রাজনৈতিক মঞ্চে বক্তব্য রেখেছিলেন। এই নিয়ে যে কেউ মামলা করতে পারেন। কিন্তু প্রাক্তন পুলিশ আধিকারিক কেন পুলিশে এফআইআর করলেন, তা বোঝা যাচ্ছে না।
উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে রাজ্য রাজনীতি ইতিমধ্যেই তপ্ত হয়ে উঠেছে।
শাসক টিএমসি বনাম বিজেপির পারস্পরিক বাগযুদ্ধে রাজনীতির বাতাবরণ রীতিমত উত্তপ্ত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*