রোজদিন ডেস্ক : লালু পুত্র তেজপ্রতাপ এই রাজ্যের বিধান সভা নির্বাচনে প্রার্থী দিতে চান। একই ভাবে প্রার্থী দিতে চান উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনেও। শুক্রবার পাটনায় নিজেই এই কথা জানিয়েছেন লালু প্রসাদের জ্যেষ্ঠ পুত্র তেজপ্রতাপ।
আগামী বছর পশ্চিম বঙ্গের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন, পরের বছর ২০২৭ সালে হবে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন।
পিতা লালুপ্রসাদের দল থেকে বিতাড়িত তেজপ্রতাপ নিজের দল গঠন করেছেন। বিহার বিধানসভা নির্বাচনে মহুয়া কেন্দ্রে প্রার্থী হয়ে পরাজিত হয়েছেন। তবে এতে দমেননি। নিজের গঠিত জনশক্তি জনতা দলের সম্প্রসারণের লক্ষ্যে তৎপর তিনি। শুক্রবার পাটনায় দলের সদস্য সংগ্রহ অভিযান করেন তিনি। খুব শীঘ্রই দলের ওয়েবসাইট খোলার পরিকল্পনা আছে তাঁর।
একদা বিহারের মসীহা লালুপ্রসাদের পারিবারিক সমস্যাও কম নয়। বিহার বিধানসভা নির্বাচন বিপর্যয়ের পর পরিবারের সঙ্গে সম্পর্ক ছেদের ঘোষণা করেছেন কন্যা রোহিণী। বোনের হয়ে পক্ষ নিয়েছেন তেজপ্রতাপ। বলেন, রোহিণীর নিরাপত্তা প্রয়োজন। তাঁর নিজের নিরাপত্তা নিয়েও চিন্তিত তিনি। তাঁর ও রোহিণীর নিরাপত্তা বৃদ্ধির প্রয়োজন বলে জানান।

Be the first to comment