রোজদিন ডেস্ক, কলকাতা:- ক্রমশ কালো আকাশে ছেয়ে যাচ্ছে ইরান ও ইজরায়েলের আকাশ। যুদ্ধ আবহে নানা সমালোচনায় সামিল হয়েছে আন্তর্জাতিক মঞ্চ। শনিবার রাতের এক ঘোষণায় যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে মার্কিন সামরিক বাহিনী সফলভাবে আঘাত হেনেছে।
ইজরায়েল-ইরান সংঘাতের আবহেই মার্কিন হস্তক্ষেপ। ইজরায়েল-ইরান সংঘাত ইতিমধ্যেই দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে। এর আগেই ইজরায়েল দাবি করেছিল, ইরানের অভিজাত কুদস বাহিনীর দুই কমান্ডারকে তারা হত্যা করেছে এবং ইরানের একাধিক সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।
বিশেষ করে লাতিন আমেরিকার দেশগুলো কড়া ভাষায় মার্কিন আগ্রাসনের নিন্দা করেছে এবং সংলাপ ও শান্তির আহ্বান জানিয়েছে। কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল এক্স হ্যান্ডেলে লেখেন, “এই বোমাবর্ষণ মধ্যপ্রাচ্যের সংঘাত আরও জটিল করে তুলবে। এটি জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।’
চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিচ লেখেন, “আমরা শান্তি চাই, এই মুহূর্তে শান্তিই সবচেয়ে বেশি প্রয়োজন।” ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হামলাকে ‘সরাসরি সামরিক আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে।
কলম্বিয়া ও মেক্সিকো দুই দেশই শান্তিপূর্ণ সমাধানের পক্ষে কথা বলেছে। মেক্সিকো স্পষ্ট জানিয়েছে, “এই অঞ্চলে শান্তিপূর্ণ সহাবস্থান পুনরুদ্ধারই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার।”

Be the first to comment