এবার বোমাবাজিতে তপ্ত হয়ে উঠল টিটাগড়, মারধর করা হল তৃণমূল কর্মীদের

Spread the love

কামারহাটির রেশ কাটতে না কাটতেই বোমাবাজি আছড়ে পড়ল টিটাগড়ে। আজ আবার তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে ব্যাপক বোমাবাজি শুরু হল। বন্দুকের বাঁট দিয়ে ঘাসফুলের কর্মীদের মারধরও করা হয় বলে অভিযোগ। এই উত্তেজনা পরিস্থিতির মধ্যে পড়ে নিরীহ এক বৃদ্ধা গুরুতর জখম হন। বোমাবাজির ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে। টিটাগড় থানায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনও পুলিশ কাউকে গ্রেফতার করেনি।

স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে টিটাগড় পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসে কার্যালয়ে বেশ কয়েকজন দলীয় কর্মী বসেছিলেন। অভিযোগ, তখন মোটরবাইকে চড়ে কয়েকজন যুবক আসে এবং হামলা চালায় তারা। এই হামলার সময়ে তৃণমূল কংগ্রেসের কার্যালয় সংলগ্ন রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক বৃদ্ধা। যিনি গুরুতর জখম হন। এলাকা দখলের জন্য বিজেপি হামলা চালিয়েছে বলেই অভিযোগ। টিটাগড় থানায় অভিযোগ দায়ের হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যেবেলা কামারহাটির ২২ নম্বর ওয়ার্ডের বিভার মোড়ে বেশ কয়েকজন যুবক মোটরবাইকে চড়ে ওই এলাকায় পৌঁছয়। লাথি মেরে তৃণমূল কংগ্রেস কার্যালয়ের দরজা খোলে তারা। কিছু বুঝে ওঠার আগেই মানস বর্ধন এবং শুভ্র নামে দুই সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মীকে টেনে হিঁচড়ে বিভার মোড়ে নিয়ে যায়। বেধড়ক মারধর করা হয় তাঁদের। চলে গুলিও। কামারহাটির ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবার একই ঘটনা ঘটল টিটাগড়ে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*