তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার শহরে তিনটি বড় মিছিল হওয়ার কথা। তাছাড়া ধর্মতলায় রয়েছে সমাবেশও। এদিকে ২৮ আগস্টই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রয়েছে। এমন পরিস্থিতিতে যানজটের আশঙ্কা করে কলকাতা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আগাম চিঠি দিল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
তৃণমূল ছাত্র পরিষদের বার্ষিক সভা ঘিরে রীতিমতো উৎসবের মেজাজে রাজ্যজুড়ে প্রস্তুতি তুঙ্গে। কলকাতার মূল সভায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই সভাকে ঘিরেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক মিছিলের জেরে যানজটে জেরবার হওয়ার সম্ভাবনা।
উল্লেখ্য, তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার শহরে তিনটি বড় মিছিল বার হওয়ার কথা। প্রথমটি সকাল ৯টায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে, দ্বিতীয়টি বেলা ১১টায় ডোরিনা ক্রসিং থেকে এবং তৃতীয়টি ১১টা ৪৫ মিনিটে তারামণ্ডল এলাকা থেকে। তিন দিক থেকে একযোগে শহরমুখী এই মিছিলগুলি রাস্তার উপরে ব্যাপক চাপ সৃষ্টি করবে বলেই আশঙ্কা করা হচ্ছে।

Be the first to comment