রোজদিন ডেস্ক : আগামীকাল শীর্ষ আদালতে রাজ্য সরকারি কর্মীদের বহ প্রতীক্ষিত ডিএ মামলার রায় ঘোষণা হবে। সকাল সাড়ে দশটায় এই রায় হবে বলে সূত্রের খবর। যা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষায় রাজ্যের সরকারি কর্মী, শিক্ষক-সহ সংশ্লিষ্ট মহল।
বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত মিশ্রর বেঞ্চে এই রায় ঘোষণার কথা।
উল্লেখ্য, গত বছর মে মাসে তাঁদের বেঞ্চ এই মামলায় কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার ২৫ % দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিলেন। যদিও সরকার সেই নির্দেশ কার্যকর করেনি। আরও ছয় মাস সময় চায়। গত বছর ৭ আগস্ট অবধি এই মামলা চলে। ৮ সেপ্টেম্বর এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি শেষ হয়। আগামীকাল এর রায়দান হওয়ার কথা।
ঘটনাচক্রে আগামীকাল রাজ্য বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হবে।
কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যে একাধিক সংগঠন, শিক্ষক সংগঠনগুলি দাবি জানিয়েছে।
আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শীর্ষ আদালত কি রায় দেয় সেদিকে তাকিয়ে রাজ্যের সরকারি কর্মী, শিক্ষক-সহ সংশ্লিষ্ট মহল।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, তাঁরা চান সরকার কর্মীদের অধিকার ফিরিয়ে দিক ও আদালতের মর্যাদা রক্ষা করুক। রাজ্য বাজেটে কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিক।
রাজ্যে এখন প্রায় আট লক্ষ কর্মী আছেন। পেনসনার ও আছেন কয়েক লক্ষ।
আগামীকাল শীর্ষ আদালত কি রায় দেয়, সেদিকে তাকিয়ে আছেন তাঁরা।

Be the first to comment