রোজদিন ডেস্ক : একদিন বিরতি কাটিয়ে বৃহস্পতিবার ফের বসছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। দুপুর সাড়ে বারোটায় রাজ্যপাল সি ভি আনন্দ বোসের ভাষণ দিয়ে অধিবেশন শুরু হবে। এরপর দুপুর আড়াইটেয় আগামী অর্থবর্ষের প্রথম তিন মাসের জন্য অন্তর্বর্তী বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধানসভায় রাজ্য মন্ত্রিসভার বৈঠক রয়েছে।কেন্দ্রীয় বাজেটে বাংলার জন্য বিশেষ বরাদ্দ না থাকায় এবার রাজ্য বাজেটের দিকেই তাকিয়ে রয়েছে বঙ্গবাসী। প্রশাসনিক সূত্রে খবর, সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিকে অগ্রাধিকার দিয়ে রাজ্যের আর্থ-সামাজিক পরিস্থিতি চাঙ্গা করার লক্ষ্যেই বাজেট তৈরি করা হচ্ছে। জোর দেওয়া হবে মূলত পরিকাঠামো উন্নয়ন, রাস্তার কাজ, কর্মসংস্থান বৃদ্ধি এবং লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতার মতো প্রকল্পে। এদিকে সরকারি কর্মচারিরাও সুরাহার আশায় রয়েছেন। গত কয়েক বছরের মতো এবারের বাজেটে ডিএ বাড়বে কিনা তাই নিয়ে তুমুল জল্পনা চলছে। এবার রাজ্যের মোট বাজেট বরাদ্দ ৭-৮ শতাংশ বাড়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। রাজ্যের অন্যতম বড় সামাজিক সুরক্ষা প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়ানোর প্রস্তাব থাকতে পারে বাজেটে। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে এই প্রকল্প চালু হওয়ার পর থেকে গত পাঁচ বছরে এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের হাতে প্রায় ৭৪ হাজার কোটি টাকা পৌঁছেছে। ২০২৫-২৬ অর্থবর্ষে এই খাতে বরাদ্দ ছিল ২৭ হাজার কোটি টাকা। এবার সেই অঙ্ক কতটা বাড়ে, সেদিকেই নজর সবার। সামাজিক সুরক্ষা পরিষেবার সঙ্গে যুক্ত অস্থায়ী কর্মীদের জন্য কিছু সুবিধা ঘোষণা হওয়ারও সম্ভাবনা রয়েছে। তবে কেন্দ্রের কাছে রাজ্যের প্রাপ্য বিপুল অঙ্কের টাকা আটকে থাকা এবং কেন্দ্রীয় করের ভাগ না বাড়ায় রাজ্যের কোষাগারে চাপ বাড়ায় কতটা কী হবে বলা কঠিন।

Be the first to comment