রোজদিন ডেস্ক : টোটো থাকলে রেজিস্ট্রেশন করতেই হবে। এই নিয়ম আগেই জানিয়েছিলেন পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। গত ৯ অক্টোবর সরকারি ভাবে বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি জারির ৯ দিনের মধ্যেই রেজিস্ট্রেশন করে শংসাপত্র তুলে দেওয়া হল টোটো চালকদের হাতে।
পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী শনিবার মশাটে চন্ডিতলা ১ বিডিও অফিসে শংসাপত্র তুলে দেন চালকদের হাতে। তিনি বলেন, যে সমস্ত চালকরা এতদিন টোটো চালাচ্ছেন, তাদের নানা সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল। সরকার খুব সামান্য টাকার বিনিময়ে তাদের স্বীকৃতি দিচ্ছে। টোটো চালকদেরকে সামাজিক সুরক্ষার মধ্যে আনার কথা ভাবা হচ্ছে। এর ফলে দুর্ঘটনাজনিত সুযোগ সুবিধা-সহ, প্রভিডেন্ট ফান্ডের সুবিধা মিলবে। ৩০ নভেম্বরের পর থেকে রেজিস্ট্রেশন না থাকলে সেই টোটো আর রাস্তায় নামতে পারবে না বলেও জানান তিনি। এর ফলে নতুন করে আর অবৈধ টোটোর সংখ্যা বাড়বে না। এখন যেগুলো চলছে সেগুলোকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। আরটিও অফিস এবং বাংলা সহায়তা কেন্দ্র থেকে টোটো রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হবে। মন্ত্রী জানান, ১৭৪০ টাকা দিলে আগামী এক বছর আর কোনও খরচ নেই। টোটোতে লাগানো থাকবে কিউআর কোড, ওই টোটোর সব তথ্য তার মধ্যে পাওয়া যাবে। টোটোর রেজিস্ট্রেশন হওয়াতে টোটো চালকরা খুশি। ভবিষ্যতের কথা ভেবে টোটো রেজিস্ট্রেশনে এগিয়ে এসেছেন টোটোচালকরা।

Be the first to comment