রোজদিন ডেস্ক : পঞ্জাবের পরিবহণ মন্ত্রী লালজিত সিং ভুল্লার শনিবার পদত্যাগ করেছেন। পঞ্জাব স্টেট ওয়ারহাউসিং কর্পোরেশনের (পিএসডব্লিউ) জেলা ম্যানেজার গগনদীপ সিং রণধাওয়ার আত্মঘাতী হওয়া নিয়ে বিতর্কের জেরে তাঁর এই পদত্যাগ বলে মনে করা হচ্ছে।
সুত্রের খবর, তাঁর রাজনৈতিক সহযোগীকে দরপত্র পাইয়ে দেওয়ার জন্য ওই ম্যানেজারের ওপর চাপ সৃষ্টি করেছিলেন সদ্য পদত্যাগী পরিবহণ মন্ত্রী। তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে লালজিত সিং তাঁকে বাড়িতে ডেকে পাঠান, অপমান করেন ও জোর করে ক্যামেরার সামনে তিনি দশ লক্ষ টাকা উৎকোচ নেওয়ার কথা বলতে বাধ্য করেন।
ওই আধিকারিক কে ব্ল্যাকমেল করা এর উদ্দেশ্য ছিল। এই ঘটনায় অপমানিত রনধাওয়া বৃহস্পতিবার বিষ পান করে আত্মহত্যা করেন। এই মর্মান্তিক ঘটনা সামনে এলে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান অবিলম্বে লালজিত সিং-কে পদত্যাগ করতে বলেন, ও মুখ্যসচিবকে এর তদন্তের নির্দেশ দেন। এই ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, একজন ম্যানেজার পদ মর্যাদার আধিকারিকের আত্মহত্যা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আম আদমি দলের আদর্শের পরিপন্থীও।
এই ঘটনায় যেই দোষী হোক, তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী আত্মঘাতী আধিকারিকের পরিবারের পাশে থাকারও বার্তা দেন।
পফত্যাগী মন্ত্রী লালজিত সিং তাঁর বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেন, তাঁর দাবি, স্বচ্ছ, নিরপেক্ষ তদন্তের স্বার্থে তিনি পদত্যাগ করেছেন।
এই ঘটনা য় পঞ্জাবের রাজনৈতিক মহলে তোলপাড় ওঠে। বিরোধী নেতা কংগ্রেসের প্রতাপ সিং বাজোয়া এর নিরপেক্ষ তদন্তের দাবি করেন।
শিরোমণি অকালি নেতা সুখবীর সিং বাদল সরকারের এই পদক্ষেপকে নাটক বলে কটাক্ষ করেন। পঞ্জাবের জনগণ এর উপযুক্ত জবাব দেবে বলে জানান।
বিরোধীরা পদত্যাগী মন্ত্রীকে গ্রেফতারেরও দাবি করেন।
আগামী বছর পঞ্জাব বিধানসভার নির্বাচনের আগে আপ সরকার ও নেতৃত্ব এই ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে।

Be the first to comment