রোজদিন ডেস্ক, কলকাতা:- উপনির্বাচনেও এগিয়ে রাজ্যের শাসক শিবির। বিজেপি ও বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীকে পিছনে ফেলে প্রথমবারের জন্য বিধানসভার দৌড়ে প্রয়াত বিধায়ককন্যা আলিফা আহমেদ। সোমবার সকাল ৮টা থেকে কড়া নিরাপত্তার ঘেরাটোপে শুরু হয়েছে গণনা। প্রথমে পোস্টাল ব্যালট গণনা চলছে। মোট ২৩ রাউন্ড গণনা হবে বলে খবর। তাতে প্রথম রাউন্ডের শেষে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। পোস্টাল ব্যালট গণনার প্রাথমিক ধাপে পিছিয়ে বিজেপির আশিস ঘোষ, বাম সমর্থিত কংগ্রেসের কাবিলউদ্দিন শেখ।
প্রথম রাউন্ড শেষে ২৭১৫ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী। তৃণমূল প্রার্থীর প্রাপ্ত ভোট ৪৫৪৫, দ্বিতীয় স্থানে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখ এখনও পর্যন্ত ভোট পেয়েছেন ১৮৩০টি। তৃতীয় স্থানে রয়েছেন বিজেপির প্রার্থী আশিস ঘোষ। তাঁর প্রাপ্ত ভোট ১১১২।
উল্লেখ্য, কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ ওরফে লালের অকালপ্রয়াণে গত ১৯ জুন এখানে শান্তিপূর্ণভাবে উপনির্বাচন হয়েছে। ভোটদানের সার্বিক হার ছিল ৭২ শতাংশের সামান্য বেশি। আজ ফলপ্রকাশ।
প্রসঙ্গত, ২০২১ সালে এই কেন্দ্র থেকে ৪৭ হাজারের বেশি ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে পরাজিত করেছিলেন তৃণমূলের নাসিরউদ্দিন আহমেদ। তাঁর কন্যা আলিফার কাছে বড় চ্যালেঞ্জ সেই ব্যবধান পেরিয়ে যাওয়া। শাসক শিবির এখানকার উপনির্বাচনের লড়াইয়ে এগিয়ে দিয়েছিল আলিফাকে। আর প্রথম দিন থেকেই আত্মবিশ্বাসী জেলা পরিষদের প্রাক্তন সদস্য। প্রচারেও তাঁকে বারবার বলতে শোনা গিয়েছে, বাবার চেয়ে বেশি মার্জিনে জিতবেন।নিজেকেই কার্যত চ্যালেঞ্জ করেছিলেন ৩৮ বছর বয়সী আলিফা আহমেদ। এখন দেখার, সেই চ্যালেঞ্জ জিততে কতটা সক্ষম হন তিনি।

Be the first to comment