রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ সোমবার, একুশে জুলাই, তৃণমূলের শহীদ সমাবেশ! সপ্তাহের শুরুর দিনেই কলকাতার মধ্যস্থলে তৃণমূল কংগ্রেসের হাই ভোল্টেজ সমাবেশ। হাইকোর্টের নির্দেশে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত কলকাতা শহরে যাতে কোনও যানজট না হয়, তা সুনিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। যানজট রুখতে একাধিক পদক্ষেপ পুলিশের। নির্দিষ্ট করে দেওয়া হয়েছে মিছিলের রুট।
কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, সকাল সাড়ে ৭টা থেকেই বিভিন্ন রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ শুরু হবে। ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি নিষিদ্ধ করা হয়েছে শহরে। এছাড়া রেড রোড, মেয়ো রোড, ডাফরিন রোড, আউট্রাম রোড, ডোরিনা ক্রসিং, জেএল নেহরু রোড, ক্যাথিড্রাল রোড, খিদিরপুর রোড, চিড়িয়া মোড়, শ্যামবাজার, বাগবাজার, এপিসি রোড, কিংসওয়ে, বঙ্গবাসী গ্রাউন্ড, হেস্টিংস, মৌলালি, শিয়ালদহ, আমহার্স্ট স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিট, মল্লিকবাজার, পার্ক সার্কাস, সিআর অ্যাভিনিউ, এমজি রোড, জিসি অ্যাভিনিউ, ডায়মন্ড হারবার রোড, তারাতলা ক্রসিং, বেহালা চৌরাস্তা, সখেরবাজার মোড়, অকল্যান্ড রোড, এসপ্ল্যানেড ক্রসিং-এ যান নিয়ন্ত্রণ করা হবে।
কলকাতা পুলিশের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে কিছু কিছু জায়গায়। যেখানে কোনোমতেই পার্কিং করা যাবেনা। উল্লেখ্য, একাধিক রুটে মিছিল আসার কারণে ধর্মতলা সংলগ্ন একাধিক জায়গায় গাড়ি পার্কিং করা যাবে না। ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকায় (হেস্টিংস ক্রসিং, ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ) পার্কিং করার ক্ষেত্রে বিধিনিষেধ থাকছে বলে জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। কোনোরকম সমস্যায় ১০৭৩, ৯৮৩০৮১১১১১, ৯৮৩০০১০০০০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

Be the first to comment