রোজদিন ডেস্ক :
সংসদীয় কমিটির রদবদলে দুটি কমিটির প্রধান পদ হারালেন মমতাপন্থী দুই সাংসদ দোলা সেন ও কীর্তি আজাদ। তাঁদের সরিয়ে এই দুই কমিটির প্রধান করা হয়েছে এনসিপিআই-এর কাকলি ঘোষ দস্তিদার ও বিজেপির সুধাংশু ত্রিবেদীকে। যা নিয়ে মমতাপন্থী তৃণমূলের অন্দরে অসন্তোষ দেখা দিয়েছে। সংসদীয় কমিটিগুলিতে রদবদল হলেও মূলত এই দুই ক্ষেত্রেই উল্লেখযোগ্য ভাবে প্রধানদের সরানো হয়েছে বলে রাজনৈতিক মহলের খবর। সূত্রের খবর, রাসায়নিক ও সার বিষয়ক কমিটির প্রধান ছিলেন কীর্তি আজাদ, তাঁকে সরিয়ে এনসিপিআই এর কাকলি ঘোষ দস্তিদারকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। বাণিজ্য বিষয়ে সংসদীয় কমিটির প্রধান পদ থেকে সরানো হয়েছে দোলা সেন-কে। তাঁর জায়গায় দায়িত্ব পেয়েছেন বিজেপির সুধাংশু ত্রিবেদী।
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ও রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণণ এই সংসদীয় কমিটিগুলির রদবদল করেন। যদিও শিল্প, খাদ্য, উপভোক্তা বিষয়ে প্রধান পদে ডিএমকে-র দুই সাংসদ তিরুচি শিবা ও কে কানিমোঝি পুনর্বহাল হয়েছেন। এমনকি কংগ্রেস সহ শরিক দলগুলির সব সাংসদ ই তাঁদের আগের পদেই বহাল রইলেন। শুধু রেল সংক্রান্ত সংসদীয় কমিটির মাথা থেকে বিজেপি-র সি এম রমেশ কে সরিয়ে ওই দলের ই সুধীর গুপ্ত কে আনা হয়েছে।
মমতাপন্থী তৃণমূলের দুই গুরুত্বপূর্ণ সাংসদ কে সংসদীয় কমিটির প্রধান পদ থেকে সরানোর নেপথ্যে রাজনীতি আছে বলে গুঞ্জন উঠেছে।
রাজ্যে ক্ষমতা হারানোর পর বড় ভাঙন ধরেছে মমতা ব্যানার্জি প্রতিষ্ঠিত সাবেক তৃণমূলের। ২৮ জন সাংসদের ২০ জনই এখন বিজেপির ঘনিষ্ঠ। অখ্যাত এনসিপিআই এ যোগ দিয়ে তাঁরা এনডিএ-কেই সমর্থন করছেন, তিন সংখ্যালঘু সাংসদ যথাসম্ভব এনডিএ এড়িয়ে চললেও হাত ছেড়েছেন মমতা ব্যানার্জির।

Be the first to comment