রোজদিন ডেস্ক : অবিলম্বে ইরানের মাটি ছাড়তে হবে। না পারলে কোনও নিরাপদ জায়গায় আশ্রয় নিন। ঘর থেকে বাইরে বেরনো চলবে না। হাতের কাছে প্রয়োজনীয় সামগ্রী যেমন খাবার, পানীয় জল, ওষুধ মজুত রাখুন। মার্কিন নাগরিক জরুরি ভিত্তিতে এই পরামর্শ দিল ওয়াশিংটন। এই বার্তা ছড়িয়ে পড়তেই ফের আশঙ্কার কালো মেঘ ঘনাচ্ছে মধ্য এশিয়ার আকাশে। ফের তবে কি আরও একটা যুদ্ধ শুরু হতে চলেছে? প্রশ্ন এখন সেটাই। তেহরানে কোনও মার্কিন দূতাবাস নেই। তাই সুইজারল্যান্ডের মার্কিন দূতাবাসের তরফে শুক্রবার সকালে এই বিবৃতি জারি করা হয়েছে। বিবৃতিতে মার্কিন নাগরিকদের উদ্দেশে বলা হয়েছে, এখনই ইরান ছাড়ুন, আর সেটা আমেরিকার সরকারি সাহায্য ছাড়াই। হাতে সময় খুব কম। দেরি করলে বিমান বাতিল এবং অন্যান্য ঝামেলা শুরু হয়ে যেতে পারে। সরাসরি বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। সদা সতর্ক থাকতে বলা হয়েছে। যে কোনও মুহূর্তে যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলা হয়েছে। যাঁদের আমেরিকা এবং ইরান উভয় দেশেরই পাসপোর্ট রয়েছে, তাঁদের ইরানি পাসপোর্টের ভিত্তিতে দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানের মাটিতে আপাতত মার্কিন নাগরিকরা মোটেই নিরাপদ নয়। তাঁদের ধরপাকড় ও হেনস্তা করা হতে পারে। মার্কিন পাসপোর্ট ও আমেরিকার সঙ্গে যোগাযোগ গোপন রাখতে বলা হয়েছে। স্থলপথে ইরান ছাড়ার ক্ষেত্রে আর্মেনিয়া বা তুরস্ক সীমান্ত ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। তবে যারা ইরান ছাড়তে পারবেন না, তাঁদের জন্য ওয়াশিংটন প্রশাসন কোনও অপ্রীতিকর পরিস্থিতির দায় এবং কারও নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না।
গত কয়েক সপ্তাহে ইরান এবং আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও তিক্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যে কোনও মুহূর্তে ইরানে সামরিক অভিযান চালাতে পারে আমেরিকা। পাল্টা প্রত্যাঘাতের হুমকি দিয়ে রেখেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেইনি। এই পরিস্থিতিতে মার্কিন প্রশাসনের কাছ থেকে ইরানে থাকা আমেরিকানদের জন্য এল কড়া সতর্কবার্তা।

Be the first to comment