রোজদিন ডেস্ক :
কেরলমের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন ভি ডি সাথীসন। গত কয়েকদিনের জল্পনা শেষে আজ দিল্লিতে কেরলমের ভারপ্রাপ্ত এআইসিসি-র সাধারণ সম্পাদক দীপা দাস মুন্সি এই ঘোষণা করেন।
এর আগে দলের শীর্ষ নেতা রাহুল গান্ধীর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত কে সি বেণুগোপালের নাম চর্চায় উঠে আসে৷ শেষ অবধি রাজ্যের মানুষের আবেগ, তিন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির মতামতকে গুরুত্ব দিয়ে দলের হাই কমান্ড ভি ডি সাথীসনের নামেই সিলমোহর দিলেন।
দশ বছর পর ১৪০ আসনের কেরলম বিধান সভায় এবার কংগ্রেস নেতৃত্বাধীন ইউ ডি এফ ১০২, আসনে জয়ী হয়েছে। মুখ্যমন্ত্রী হিসাবে ভি ডি সাথীসন,রমেশ চেন্নিথালা ও কে সি বেণুগোপালের নাম চর্চায় উঠে আসে। এঁদের মধ্যে কাকে বেছে নেওয়া হবে তা নিয়ে সংশয়ে ছিল হাই কমান্ড ও। সূত্রের খবর, পরিষদীয় দল এই বিষয়ে হাই কমান্ডকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব নেয়। এআইসিসির দুই পর্যবেক্ষক অজয় মাকেন ও মুকুল ওয়াসনিক এই নিয়ে দলের বিধায়ক, শরিক দের সঙ্গে কথা বলেন। ভি ডি সাথীসনের নাম চূড়ান্ত করা হয়।
আজ সকালে ও রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী কে সি বেণুগোপালের সঙ্গে বৈঠক করেন। অন্যদিকে দীপা দাসমুন্সি, পর্যবেক্ষকরা জাতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গের সঙ্গে আলোচনা করেন।
সূত্রের খবর, কেরলমের জয়ী দলের বেশির ভাগ বিধায়ক, সাংদদ কে সি বেণুগোপালের পক্ষে ছিলেন। শেষে শরিক দলগুলি সহ বিধায়কদের সঙ্গে কথা বলে ভি ডি সাথীসনের নাম চূড়ান্ত করা হয়।
অন্য সূত্রের খবর, রমেশ চেন্নিথালা এতে অসন্তুষ্ট। তিনি মন্ত্রিসভায় যাবেন না বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন।
আজ মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার সময় সাংবাদিক বৈঠকে দীপা দাস মুন্সির সঙ্গে অজয় মাকেন, মুকুল ওয়াসনিক প্রমুখ উপস্থিত ছিলেন।
দলের শীর্ষ নেতৃত্ব ভারসাম্য বজায় রেখে নতুন মন্ত্রিসভা গঠনে গুরুত্ব দিচ্ছেন।

Be the first to comment