রোজদিন ডেস্ক : স্ট্যান্ড আপ কমেডিয়ান বীর দাসের কবিতা ‘টু ইন্ডিয়া’-র তত্ত্ব তুলে ধরে মঙ্গলবার লোকসভায় বাজেট ভাষণে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের সেই বক্তব্যের ভিডিও পোস্ট করেন বীর দাস। নিজের ভিডিয়োতে অভিষেকের কথা নিয়ে নিজের মতো ব্যাখ্যাও করেন বীর। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানান অভিষেক। এক্স হ্যান্ডেলে ওই ভিডিয়ো পোস্ট করে অভিষেক বীর দাসকে তাঁর আগামীদিনের অনুষ্ঠানের জন্য শুভকামনাও জানান। বীরের সেই কবিতাকেই হাতিয়ার করে মোদি সরকারকে তীক্ষ্ণ আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একের পরে এক তথ্য তুলে ধরে কর ব্যবস্থা থেকে বাংলার বঞ্চনা নিয়ে বাজেটকে তুলোধনা করেন তিনি। অভিষেক তাঁর ভাষণে বলেন, আমি এমন ভারতের নাগরিক, যেখানে একদিকে ‘এক ভারত, শ্রেষ্ঠ’ ভারতের প্রচার হয়, আর অন্য দিকে মাতৃভাষা কাউকে সন্দেহের পাত্র করে তোলে। বাংলায় কথা বললে কেউ বাংলাদেশি হয়ে যান, মাছ খেলে মুঘল বলে দাগিয়ে দেওয়া হয়। এক ভারত, দুই রূপ, বিদেশে এই কমেডি শুনিয়ে পাঁচ বছর আগে বিজেপির রোষানলে পড়েন কমেডিয়ান বীর দাস। বিজেপির সমালোচনায় এবার তাঁর সেই ‘টু ইন্ডিয়া’কেই হাতিয়ার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment