রোজদিন ডেস্ক : গাড়ি দুর্ঘটনায় ছেলের মৃত্যুর তদন্তে রাজ্যের পুলিশ প্রশাসনের উপরেই আস্থা রাখছেন সন্দেশখালির ভোলানাথ ঘোষ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছেলের খুনিদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন তিনি। ভোলানাথ বলছেন, পুলিশ প্রশাসনের উপর আমার ভরসা আছে। তারা তদন্ত করছে, সঠিকটাই বেরিয়ে আসবে। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করবো, আমার ছেলের খুনিদের যেন কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হয়। আমার ছেলেকেই যখন বাঁচতে দিল না তখন আমিও আর কিছু গোপন করবো না। প্রসঙ্গত, ১০ ডিসেম্বর বয়রামারি এলাকায় ভোলানাথ ঘোষের গাড়িতে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় গাড়ির চালক এবং ভোলানাথ ঘোষের ছোট ছেলে সত্যজিৎ ঘোষের। তদন্তে নেমে ঘাতক ট্রাকের চালক-সহ পিছু নেওয়া গাড়ির অনুসন্ধান চালাচ্ছে পুলিশ। ওই মৃত্যুর ঘটনায় এরমধ্যে গ্রেফতার হয়েছে এক বাইকার যুবক-সহ দু’জন। ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে সরবেড়িয়া এলাকা থেকে রুহুল কুদ্দুস শেখ নামে যুবককে গ্রেফতার করেছে ন্যাজাট থানার পুলিশ। এছাড়াও উত্তম সর্দার নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বসিরহাট মহকুমা আদালত ৯ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। অভিযোগ, ভোলানাথ ঘোষের গাড়িতে হামলার আগে বাইকে করে গাড়িটিকে অনুসরণ করছিল ওই যুবক এবং ঘাতক ট্রাকের চালককে প্রতি মুহূর্তের তথ্য পৌঁছে দিচ্ছিল। যদিও ন্যাজাট থানায় অভিযোগকারী ভোলা ঘোষের অভিযোগে এই যুবকের নাম নেই।

Be the first to comment