ফুলিয়ায় রাস্তার ধারে বস্তাভর্তি ভোটার কার্ড, রহস্যে জটিল প্রশ্ন

Spread the love

রমিত সরকার, নদীয়া:
ভোরবেলা হাঁটতে বেরিয়ে হঠাৎ চমকে ওঠেন কয়েকজন। শান্তিপুরের ফুলিয়া, উদয়পুর এলাকা। ১২ নম্বর জাতীয় সড়কের ধারে পড়ে থাকা দুটি বস্তা চোখে পড়তেই সন্দেহ জাগে। কাছে যেতেই দেখা যায়—ভর্তি ভোটার কার্ড। মুহূর্তেই চারদিকে গুঞ্জন।

চোখে পড়ার মতো ব্যাপার, ওই কার্ডগুলোর বেশিরভাগই বসিরহাট ও স্বরূপনগরের ঠিকানার। নদিয়ার রাস্তার ধারে উত্তর ২৪ পরগনার ভোটার কার্ডের বস্তা এসে পড়ল—এমন ঘটনায় প্রশ্ন থামছে না। এটা শুধু অবহেলা, নাকি অন্য কিছু?

স্থানীয়রা জানালেন, প্রথম একজন বস্তা দেখে থমকে যান। সন্দেহ হওয়ায় অন্যদের ডাকেন। একটু পরেই ভিড় জমে যায়। ভোটার পরিচয়পত্রের মতো সরকারি নথি রাস্তায় পড়ে থাকা—বিষয়টিকে কেউই সাধারণ ঘটনা বলে মানতে রাজি নন।

আলোচনায় উঠে এসেছে সম্ভাব্য জালিয়াতির কথাও। কেউ বলছেন, ভোটের আগে কারসাজি হতে পারে। আবার কেউ মনে করছেন, অদক্ষতা ও নজরদারির ঘাটতি ছাড়া এত বড় ভুল হওয়ার কথা নয়। তবে সরকারি দিক থেকে এখনও কোনো ব্যাখ্যা নেই।

বসিরহাট-স্বরূপনগরের মতো সীমান্ত সংলগ্ন এলাকার ভোটার কার্ড ফুলিয়ায় মিলেছে—এই প্রেক্ষাপটে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। নিরাপত্তা এবং নজরদারি বাড়ানোর দাবিও উঠছে জোর গলায়।

পুরো ঘটনা নিয়ে তদন্তের দাবি ইতিমধ্যেই জোরালো হয়েছে। এখন দেখার বিষয়—পুলিশ কী পদক্ষেপ নেয়, আর এই বস্তা আসলে কোন সূত্রে নদিয়ায় এসে পড়ল, তার সত্যতা বেরোয় কি না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*