রাজ্যসভার ২৭ আসনে ভোট ১৮ জুন

Spread the love

রোজদিন ডেস্ক : বিভিন্ন রাজ্যের রাজ্যসভার ২৭টি আসন এবং ৩ রাজ্যের বিধান পরিষদের ১৬টি আসনে নির্বাচনের প্রক্রিয়া শুরু করল নির্বাচন কমিশন। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে, ১ জুন থেকেই মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হয়েছে। আগামী ১৮ জুন ওই আসনগুলিতে ভোটগ্রহণ হবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যসভার ২৪টি আসনে নিয়মিত দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং ওড়িশার একটি করে শূন্য আসনে উপনির্বাচন হবে। অন্যদিকে বিহারের ৯টি এবং কর্নাটকের ৭টি বিধান পরিষদ আসনে দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। বিহারের একটি আসনে উপনির্বাচনও হবে। যে ১০টি রাজ্যে রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচন হচ্ছে, সেগুলি হল অন্ধ্রপ্রদেশ, গুজরাত, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মণিপুর, মেঘালয়, রাজস্থান, অরুণাচল প্রদেশ, কর্নাটক এবং মিজোরাম। ফলে একাধিক রাজ্যে রাজনৈতিক সমীকরণ এবং দলগুলির সাংগঠনিক শক্তির পরীক্ষা হতে চলেছে এই নির্বাচনে। কমিশন জানিয়েছে, রবিবার সকাল ১১টা থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। মনোনয়ন জমার শেষ দিন ৮ জুন বিকেল ৩টা। ৯ জুন মনোনয়নপত্র পরীক্ষা করবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। প্রার্থি পদ প্রত্যাহারের শেষ দিন ১১ জুন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*