অন্তর্বর্তী বাজেটে দরাজ মমতা

Spread the love

রোজদিন ডেস্ক : ভোটমুখি রাজ্যে বেকার ভাতা চালু করলো রাজ্য সরকার। লক্ষ্মীর ভান্ডার-সহ বহু ক্ষেত্রে টাকার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। সরকারি কর্মীদের ডিএ দেওয়া হচ্ছে ৪%। তাঁদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত ও ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সরকারের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বৃদ্ধি নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন ছিল।
আজ তা ঘোষণার পর অর্থমন্ত্রী জানান চলতি মাস থেকেই লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত ৫০০ টাকা দেওয়া হবে৷ এর ফলে সাধারণ মহিলারা মাসে ১৫০০ টাকা, এসসি, এসটি-রা ১৭০০ টাকা পাবেন।
কর্মহীনরাও মাসে ১৫০০ টাকা করে বেকার ভাতা পাবেন। ২১ বছর বয়েস থেকে ৪১ বছর বয়স অবধি এই ভাতা দেওয়া হবে। চাকরি না পাওয়া অবধি টানা পাঁচ বছর এই ভাতা পাবেন তাঁরা।
বাজেটে আশা, অঙ্গনওয়াড়ি, পার্শ্বশিক্ষক, সিভিক ভলান্টিয়ার, শিক্ষাবন্ধু, শিক্ষা সহায়ক, সোসাল এডুকেটর, ভিলেজ পুলিশ, গ্রীন পুলিশ প্রমুখদের মাসে ১০০০ টাকা করে ভাতা বৃদ্ধি করা হল।
নতুন যুবসাথী প্রকল্পে মাধ্যমিক পাশ বেকারদের মাসে ১৫০০ টাকা করে তাঁরা চাকরি না পাওয়া অবধি দেওয়া হবে। ২১ বছর থেকে ৪০ বছর বয়েস অবধি যুবক যুবতীরা এই সুবিধা পাবেন। তবে এই প্রকল্প এখনই চালু হচ্ছে না। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ১৫ আগস্ট থেকে তা চালু হবে। অর্থাৎ নতুন সরকার ক্ষমতায় এসে তা রূপায়িত করবে।
উল্লেখ্য, বহু বছর আগে বামফ্রন্ট আমলে প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অশোক মিত্র রাজ্যে প্রথম বেকার ভাতা চালু করেন, যা নিয়ে অনেক সমালোচনা হয়।

দৈনন্দিন জীবনে এখন অনলাইনে কেনাকাটা দিন দিনই বাড়ছে। ক্রেতাদের কাছে সময় মত পণ্য পৌঁছে দিতে গিগ কর্মীরা কার্যত দিন রাত তৎপর থাকেন। তাঁদের জন্য এবার বাজেটে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী। এই গিগ কর্মীদের স্বাস্থ্যসাথীর আওতায় আনা হবে বলে তিনি জানান।
রাজ্যে ভাতা বৃদ্ধির দাবিতে আশা কর্মীরা এক মাসের বেশি কর্মবিরতি করছেন। আজ বাজেটে তাঁদের ভাতা মাসে ১ হাজার টাকা বৃদ্ধি, ছয় মাস মাতৃত্বকালীন ছুটি ঘোষণা করা হয়েছে।
আজই শীর্ষ আদালতে সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র ২৫% অবিলম্বে মিটিয়ে দিতে বলা হয়েছে। রাজ্য বাজেটে তাঁদের ৪% ডিএ-র ঘোষণা করেছেন চন্দ্রিমা ভাট্টাচার্য।
যদিও এতে খুশি নন কর্মীরা। কেন্দ্রের কর্মীদের সঙ্গে তাঁদের ডিএ-র ফারাক ৪০%।
সরকারের দাবি, বিভিন্ন ক্ষেত্রে কেব্দ্রর বঞ্চনা সত্বেও তাঁরা নিজেদের সব রকম উন্নয়ন, সামাজিক সুরক্ষা, পরিকাঠামো ইত্যাদি খাতে কাজ জারি রেখেছেন বলে দাবি জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*