রমিত সরকার, নদীয়া : ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী নদিয়া জেলার চাপড়া থানার অন্তর্গত বৃত্তিহুদা গ্রামে সোমবার সকালে একটি ভুট্টা ক্ষেতে অচেনা ইলেকট্রনিক ডিভাইস পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় কয়েকজন কৃষক সকালবেলায় জমিতে কাজ করতে গিয়ে প্রথম ডিভাইসটি দেখতে পান। অচেনা বস্তুটি নজরে আসতেই মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে ভিড় জমাতে থাকেন গ্রামবাসীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ডিভাইসটি একটি ছোট বক্সের মতো, যার সঙ্গে একাধিক তার ও সেন্সর যুক্ত রয়েছে। সবচেয়ে নজরকাড়া বিষয়, ডিভাইসটির সঙ্গে একটি ছোট প্যারাসুটও লাগানো ছিল। এতে অনেকেরই ধারণা হয়, এটি আকাশপথে কোনওভাবে ওই ভুট্টা ক্ষেতে এসে পড়েছে।
প্রথমদিকে বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় অনেকেই নিরাপত্তা সংক্রান্ত আশঙ্কা প্রকাশ করেন। কেউ কেউ বিষয়টি নিয়ে জল্পনাও শুরু করেন। তবে ডিভাইসটি কাছ থেকে পরীক্ষা করে দেখা যায়, তার গায়ে ইংরেজি ভাষায় কিছু নির্দেশিকা লেখা রয়েছে এবং স্পষ্টভাবে উল্লেখ রয়েছে “India Meteorological Department” অর্থাৎ ভারতীয় আবহাওয়া দপ্তরের নাম।
এরপরই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এটি আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহের কোনও বৈজ্ঞানিক যন্ত্র। আবহাওয়ার তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুর গতি বা অন্যান্য তথ্য সংগ্রহের উদ্দেশ্যে আকাশে পাঠানো হয়ে থাকতে পারে এবং নির্দিষ্ট এলাকার বাইরে এসে পড়েছে।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তাঁরা ডিভাইসটি ঘিরে ভিড় সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে বলে সূত্রের খবর। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে।
অচেনা যন্ত্র ঘিরে সকালবেলার আতঙ্ক শেষ পর্যন্ত কৌতূহল ও স্বস্তিতে বদলে যায়। গ্রামবাসীদের অনেকেই বলছেন, এমন ঘটনা আগে কখনও দেখেননি। তবে শেষ পর্যন্ত জানা যাওয়ায় যে এটি কোনও বিপজ্জনক বস্তু নয়, তাতে এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

Be the first to comment