রোজদিন ডেস্ক, কলকাতা:- বাংলা সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক গুচ্ছ প্রকল্প নিয়ে ২৬-এর বিধানসভার আগে বঙ্গ সফরে প্রধানমন্ত্রী।
এদিন এ রাজ্যের জন্য গ্যাস পাইপলাইন, রেল-সহ সাড়ে পাঁচ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি বলেন, ‘দুর্গাপুর স্টিল সিটি উৎকর্ষ শ্রমের বড় জায়গা। এখানে ৫৪০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন হল। যোগাযোগ পরিকাঠামো মজবুত হবে, কর্মসংস্থান হবে। ‘মেক ইন ইন্ডিয়া’, ‘মেক ফর দ্য ওয়ার্ল্ড’ এই মন্ত্রে এগিয়ে যাবে পশ্চিমবঙ্গ।
সবাইকে অভিনন্দন জানাই এই প্রকল্পগুলোর জন্য। সমগ্র বিশ্বে আজ বিকশিত ভারতের বিষয়ে চর্চা হচ্ছে। এই নতুন বদলে যাওয়া ভারতের অন্যতম লক্ষ্য হল পরিকাঠামো।’
এ রাজ্যে রেলের কাজ নিয়ে প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী। বলেন, ‘এখানে রেলওয়ের অভূতপূর্ব কাজ হয়েছে। একাধিক বন্দে ভারত, আধুনিক রেল স্টেশন, রেল ওভারব্রীজ তৈরি হচ্ছে, রেল পথ সম্প্রসারণ হচ্ছে। এয়ারপোর্ট গুলোকে উড়ান যোজনার সঙ্গে যুক্ত করা হয়েছে।
তিনি এদিন বলেন, শীঘ্র আরও বিস্তার হবে কলকাতা মেট্রোর। বদলাচ্ছে এখনকার রেলস্টেশনও। ওয়ান নেশন, ওয়ান গ্যাসের উপর দেশজুড়ে কাজ হচ্ছে। পূর্বের ৬ টি রাজ্যে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের কাজ চলছে। এ রাজ্যেও পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হবে। ২৫-৩০ লক্ষ ঘরে পাইপ লাইনের মাধ্যমে সস্তায় পৌঁছে যাবে গ্যাস।’ ২০৪৭-এর মধ্যে ভারতকে আরও বিকশিত করার লক্ষ্য বেঁধে দিলেন তিনি।
এদিন দুর্গাপুরের সভা থেকে বাংলার জন্য সাত প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যে রয়েছে— বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার জন্য ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন (সিডিজি) প্রকল্প (১৯৫০ কোটি টাকার), দুর্গাপুর-হলদিয়া প্রাকৃতিক গ্যাস পাইপলাইন-এর দুর্গাপুর থেকে কলকাতা (১৩২ কিলোমিটার)-র অংশ (প্রধানমন্ত্রী উরজা গঙ্গা প্রকল্পের অংশ)। এ ছাড়াও দুর্গাপুর ইস্পাত তাপবিদ্যুৎ কেন্দ্র এবং দামোদর ভ্যালি কর্পোরেশনের রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রে ১৪৫৭ কোটি টাকা ব্যয়ে দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থার শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী। প্রতিটি ক্ষেত্রেই রোজগারের সুযোগ বাড়বে বলে দাবি করেছে কেন্দ্র। রেল পরিকাঠামোর উন্নয়নে একাধিক প্রকল্পের শিলান্যাস করলেন মোদী। তার মধ্যে রয়েছে পুরুলিয়া-কলকাতা রেললাইন ডাবলিং (৩৬ কিলোমিটার)। এর ফলে জামশেদপুর, বোকারো, ধানবাদের কারখানাগুলির মধ্যে রেল সংযোগের সুবিধা বাড়বে বলে জানাচ্ছে কেন্দ্র। প্রকল্পটি ৩৯০ কোটি টাকার।
সবশেষে এদিন তিনি বলেন আরোও অনেক কিছু বলার আছে তবে এই মঞ্চ থেকে বলতে চাইনা। পাশের মঞ্চে গিয়ে বলব। প্রসঙ্গত, সরকারী প্রকল্প উদ্বোধনের পরেই বিজেপির দলীয় অনুষ্ঠানে হাজির হওয়ার কথা প্রধানমন্ত্রীর।

Be the first to comment